নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ সফরে এসে নিজেদের নামে একটি ক্রিকেট একাডেমি তৈরির ইচ্ছা পোষণ ব্যক্ত করেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় দল রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।
আজ বৃহস্পতিবার (৪ মার্চ) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামে স্বল্প সময়ের জন্য সফর করেন রাজস্থান রয়্যালসের ৩ সদস্যের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন তাঁদের চেয়ারম্যান রঞ্জিতও। গণমাধ্যমকে তিনি জানান, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ক্রিকেট একাডেমি তৈরি করতে চায় রাজস্থান রয়্যালস।
তিনি বলেন,’‘বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই, যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যেই আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি।’’
আইপিএলের চতুর্দশ আসরে রাজস্থান রয়্যালস বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিলামে ১ কোটি রুপি মূল্যে কিনেছে। মুস্তাফিজকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস। তারা আশা করছেন, পুরো আইপিএলেই দলের সাথে তাকে পাওয়া যাবে। তবে রঞ্জিত এটাও বলেছেন,”দেশের ক্রিকেট বাদ দিয়ে সে আসুক, এটা আমরাও চাই না।”
