এক যুগ পর আয়ারল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এক যুগের বেশি সময় পর প্রায় দীর্ঘ (১৪ বছর) পর চলতি বছরের জুলাইয়ে আয়ারল্যান্ড সফর করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০০৭ সালের পর এবারই প্রথম আইরিশদের দেশে সফর করবে প্রোটিয়ারা। আসন্ন এই সফরে সমান সংখ্যক তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এর আগে দুই দল ওয়ানডেতে মুখোমুখি হলেও এবারই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে দুই বোর্ডের পক্ষ থেকেই সফরটি নিশ্চিত করেছে। সিরিজ নিশ্চিত করতে পেরে বেশ উচ্ছ্বসিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়েম স্মিথ।

সফর প্রসঙ্গে স্মিথ বলেন,’‘সবকিছু বিবেচনা করে সফরটি নিশ্চিত করতে সহায়তা করায় আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানাতে চাই। এই সফরটি আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় হিসাবে চিহ্নিত হয়েছে কারণ দ্রুতই বিশ্ব ক্রিকেটে এগিয়ে যাওয়া দেশে আমরা ছয় ম্যাচের সফর করব। আয়ারল্যান্ড সাম্প্রতিক সময়ে নিজেদেরকে প্রতিযোগিতামূলক প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করছে এবং বিশ্ব ক্রিকেটে জায়গা পোক্ত করছে। এটি আমাদের ক্রিকেটারদের অপরিচিত কন্ডিশনে আরও আন্তর্জাতিক ভালো করতে সহায়তা করবে। তাই আমরা প্রতিযোগিতার অপেক্ষায় রয়েছি।’’

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই দুই দলের লড়াই। ১১ জুলাই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তাঁরা। বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। ২০, ২২ ও ২৫ তারিখে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজটি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »