ডেস্ক রিপোর্ট »
গেল সপ্তাহে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ভারতীয় পেসার অশোক দিন্দা। সাবেক এই পেসার এবার নিজের নামে খুলতে চান ক্রিকেট অ্যাকাডেমি।
খরুচে বোলিংয়ের কিছু রেকর্ড আছে বলে দিন্দাকে রসিকতা করে ভক্ত সমর্থকরা ‘দিন্দা অ্যাকাডেমি অব পেস বোলিং’ নামে একটি পেইজ খোলেন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। কোনো পেসার খারাপ করলেই সেখানে মজার মজার সব ব্যাঙ্গাত্মক পোস্ট করা হয়।
রসিকতার ছলে চালানো সেই পেইজের কথা জানেন অশোক দিন্দা নিজেও। তাই ভাবছেন, এই নামেই একটি ক্রিকেট অ্যাকাডেমি খুলবেন তিনি। শুধু পেস বোলিং নয়, ক্রিকেটের সব বিষয়েই সেখানে নতুনদের দীক্ষা দিতে চান।
দিন্দা বলেন,”খেলা ছেড়ে দিলেও ক্রিকেট আজীবন আমার সাথে থাকবে। আপাতত একটু বিশ্রাম নিব। বিগত বছরগুলোতে অনেক চাপ নিয়েছি। এখন কোনো মাথাব্যথা নেই। দিন্দা অ্যাকাডেমি অব পেস বোলিং নামের একটি পেইজ আছে। ভাবছি, কেন এই নামেই একটি অ্যাকাডেমি করছি না? ইতোমধ্যে এই নাম জনপ্রিয়তা পেয়েছে। তাই দিন্দা অ্যাকাডেমি খোলার পরিকল্পনা আছে।’’
অবসর পরবর্তী জীবন নিয়ে অনেক পরিকল্পনাই আছে দিন্দার। তবে অ্যাকাডেমির ভাবনা শক্তপোক্তভাবেই তার মনে আসন গেড়েছে।
দিন্দা বলেন,’‘এটাকে আপনি স্পোর্টস অ্যাকাডেমিও বলতে পারেন, শিশুরা এখানে আসতে পারবে, ক্রিকেট শিখতে পারবে। তাদের সব ধরনের সুযোগসুবিধা দেওয়া হবে। আমি ২৪ ঘণ্টা তাদের সাথে থাকব। এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, তবে আমি অবসর পরবর্তী জীবনের জন্য অনেক পরিকল্পনাই করছি। আগামী কয়েক মাসেই সবাই তা জানতে পারবে।’’
