ব্র্যাথওয়েটের বাহবা পেলেন রিশাদ

নিউজ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারের হাহাকার অনেক আগে থেকেই। বর্তমান সময়ে বেশ কয়েকজন লেগ স্পিনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনায় আছেন। তাদেরই একজন তরুণ রিশাদ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি।

তাঁর স্পিন জাদুতেই ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে গেছে ২৫৭ রানে। রিশাদ একাই নিয়েছেন ৫টি উইকেট। এমন বোলিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের বাহবা পেয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

প্রথম দিনের খেলা শেষে তিনি বলেন,”তাদের লেগ স্পিনার বেশ ভালো করেছে। সে ধারাবাহিক ছিল। খুব বেশি টার্ন এবং বাউন্স ছিল না কিন্তু সে তার লাইন-লেংথ নিয়ে বেশ ধারাবাহিক ছিল। সে ভালো বোলিং করেছে।”

খালেদ আহমেদ এবং রিশাদের বোলিংয়ে অন্য ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে না পারলেও বাংলাদেশের বোলারদের এদিন শাসন করেছেন ব্র্যাথওয়েট। তিনি ৮৫ রানের ইনিংস খেলেছেন। ১৮৭ বলে ১০টি চারের সাহায্যে নিজের ইনিংসটি সাজিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।

ব্র্যাথওয়েট জানিয়েছেন, বাংলাদেশের বোলারদের দেখেশুনে খেলেই সফল হয়েছেন তিনি। পিচ কিছুটা ধীর হওয়ায় সামনে এগিয়ে খেলেননি তিনি। নিজেদের রক্ষণাত্মক ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন এই ক্যারিবীয় অধিনায়ক।

তিনি বলেন,”আমরা নিশ্চিত করেছি যে আমাদের ডিফেন্স ভালো ছিল এবং বল দেখে খেলেছি। আমি সামনে এগিয়ে খেলেছি কয়েকবার। যেহেতু পিচ একটু লো ছিল তাই আমি তাড়াতাড়ি সামনে এগুচ্ছিলাম না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »