আগামীকাল করা হবে সাকিবের স্ক্যান-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কুঁচকির চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। প্রাথমিকভাবে তখন ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এবার সেটা বাড়িয়ে ৪৮ ঘণ্টা করা হয়েছে।

আগামীকাল ২৮ জানুয়ারি সাকিবের স্ক্যান করা হবে। এরপরই তাঁর চোটের অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরি।

জনপ্রিয় একটি অনলাইন পোর্টালকে তিনি বলেছেন, ”সাকিবের অবস্থা আগের চেয়ে এখন ভালো। গতকালের তুলনায় অনেক উন্নতি হয়েছে। আমরা তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি। তারপর ২৮ তারিখ তার একটি স্ক্যান করানো হবে।”

ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নিজের পঞ্চম ওভারের পঞ্চম বল করার পর কুঁচকির চোটে পড়েন সাকিব। সেই সময় মাঠের মধ্যেই তাঁকে ফিজিওর সেবা নিতে দেখা যায়। এরপর আর বোলিং না করে মাঠের বাইরে চলে যান তিনি। সদ্য সমাপ্ত এই সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব আল হাসান। তিন ম্যাচে ৫৬.৫ গড়ে ১১৩ রান করেছেন তিনি। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ৬টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »