নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচ দিয়ে দীর্ঘ তিন বছর পরে আবারো ওয়ানডের জাতীয় দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে ফিরেই অধিনায়ক তামিম ইকবালকে হতাশ করেননি এই পেসার। ম্যাচ শেষে দলীয় অধিনায়কের প্রশংসা কুঁড়িয়েছেন তাসকিন।
এরআগে শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০১৭- তে। পরের বছর শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেললেও বল হাতে বাজে ফর্মের কারণে আবারো ছিটকে যান তাসকিন। তবে দীর্ঘ সময় পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পান তাসকিন। প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে তেমন খারাপ করেননি এই পেসার। তার গতি এবং বাউন্সে ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
তবে মাত্র একটি উইকেট পেলেও গতকাল কম খরুচে বোলারদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন তাসকিন। আর এই পেসারের পারফরম্যান্সে বেশ খুশি তামিম।
তামিম বলেন,“তাসকিন অবিশ্বাস্য বোলিং করেছে। আপনি যদি টি-টোয়েন্টি দেখেন বা প্রেসিডেন্টস কাপ দেখেন আমাদের আজকে যেহেতু একটা সুযোগ ছিলো এই কারণেই ওকে খেলানো হয়। আর সে হতাশ করেনি। সে অনেক ভালো করেছে আজ। হয়তো ৩-৪টি উইকেট পায়নি কিন্তু সে আসলেও খুব ভালো বোলিং করেছে।”
এছাড়া তৃতীয় ম্যাচে ঠিকই ফিরেছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। বল হাতে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। তার প্রসঙ্গে তামিম বলেন,“সাইফউদ্দিন আমাদের প্রায় এক দেড় বছর ধরেই পেস বোলিংয়ের প্রথম পছন্দ। ও সবসময় সেরা ‘১১’ তে থাকে। কিন্তু ১ম ওয়ানডের সময় ম্যানেজমেন্ট মনে করেছে ও হয়তো শতভাগ ফিট না তাই শেষ ওয়ানডেতে তাঁর ফেরা অনুমিতই ছিলো।”
