নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক রাইসউদ্দিন আহমেদ। আজ বুধবার (২০ জানুয়ারি) সকাল ৯ টা ৩০ মিনিটে বেসরকারি একটি হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাইসউদ্দিন আহমেদ গত ২৫ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশের ক্রিকেটের জন্য রাইসউদ্দিন আহমেদের ভূমিকা অপরীসীম। ১৯৭৭ সালের জানুয়ারিতে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বাংলাদেশে এসে সিলেট ও চট্টগ্রামের বিপক্ষে দুই দিনের দুইটি ম্যাচ খেলেছিল। এরপর বাংলাদেশের বিপক্ষে একটি তিন দিনের ম্যাচ খেলেছিল এমসিসি। এমসিসিকে বাংলাদেশ সফরে আনার পেছনে বড় অবদান ছিল রাইসউদ্দিন আহমেদের।
এর আগে ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত বিসিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বিসিবির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া বাংলাদেশ বিমানেরও কর্মকর্তা ছিলেন রাইসউদ্দিন আহমেদ।
রাইসউদ্দিন আহমেদের প্রয়াণে শোক প্রকাশ করেছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, বোর্ডের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছি। তার আত্মার শান্তির প্রার্থনা করছি।বাংলাদেশের ক্রিকেটে তার অবদান স্মরণ করে বলেন, “রাইসউদ্দিন আহমেদ বাংলাদেশ ক্রিকেটকে এমন সময়ে সেবা দিয়েছে যখন ক্রিকেট এদেশে যাত্রা শুরু করতে সংগ্রাম করছিল।”
আজ রাজধানীর কাকরাইল সার্কিট হাউজ মসজিদে বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে।
