নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে তারকা ক্রিকেটার ছাড়াই মাঠে নেমেছিল ভারতীয় দল। আর সেই দল নিয়েই ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারত। আজিঙ্কা রাহানের চৌকশ নেতৃত্বে এমন জয়ে ভারতীয়দের উল্লাসের শেষ নেই।
এমন জয়ের পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের জন্য ৫ কোটি রুপি পুরষ্কার ঘোষণা করেছেন। এক টুইট বার্তায় তিনি দলকে অভিনন্দনও জানিয়েছেন।
ভারতের জয়ের পরেই সৌরভ টুইট করে বলেন,”দুরন্ত স্মরণীয় জয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এভাবে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করা হচ্ছে। তবে এই জয়ের মূল্য অপরিসীম। সফরকারী দলের প্রত্যেকে দারুণ খেলেছ।”
ব্রিসবেন টেস্ট জয়ের পর ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। আর এই জয়ের মধ্যে দিয়ে ৩২ বছর পর ব্রিসবেনের মাটিতে অজিদের হারের স্বাদ দিল ভারত।
বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহও আরেক টুইট বার্তায় ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,”এই জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশেষ মুহূর্ত এনে দিয়েছে। চরিত্রের পাশাপাশি স্কিলের চরম পরীক্ষা দিতে হয়েছে। বোর্ড ৫ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে।”
