নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নতুন অধিনায়কত্ব পেয়েই তামিম ইকবাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একটি অংশের অভিযোগ, তামিমের ধীর গতির ব্যাটিং রান তোলার একটা চাপ তৈরি করে। কিন্তু তামিম ভাবছেন না তেমনটি। বরং তিনি পরিসংখ্যান দেখতে বলেছেন।
ক্রিকেটবোদ্ধাদের মতে আধুনিক ক্রিকেটে সেরা স্ট্রাইক রেটে খেলার সামর্থ্য তামিমের আছে। কিন্তু সমালোচনায় পরার পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানোডেতে নামার আগের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও এসেছে তামিমের স্ট্রাইকরেট ইস্যু। যদিও বারবার এমন প্রশ্নে বিরক্ত অধিনায়ক পরিসংখ্যানের পাতা উল্টিয়ে বিগত কয়েক বছরের রেকর্ডে চোখ বুলানোর আহ্বান জানিয়েছেন।
এ প্রসঙ্গে তামিম বলেন,”অনেক দিন ধরে অনেক সংবাদ সম্মেলনে, অনেক সাক্ষাৎকারে আমাকে এই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। এটা নিয়ে আমি আগে অনেকবার কথা বলেছি। আর বলতে চাই না। আপনারা আমার শেষ কয়েকদিনের বা গত পাঁচ-ছয় বছরের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন আমার অবস্থা। আর এটা এখন এমন একটা বিষয় যেটা নিয়ে উত্তর দিতে আমি আর ইনজয় করি না।”
কারণে অকারণে ক্যারিয়ারজুড়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন তামিম। এ কারণেই এসব নিয়ে মাথা ঘামান না তিনি। আর নিজের দায়িত্বে ঠিক থাকাই সব থেকে গুরুত্বপূর্ণ এই ওপেনারের কাছে।
তামিম আরও বলেন,”সত্যি কথা বলতে যত ক্রিটেসিজম আমি শুনেছি আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটারই শুনেছে। তো ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। যেটা আমার সঙ্গে হয় আর কি এটা পুরোপুরি কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়, ভিন্নভাবে চেষ্টা করছি। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা।”
