দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তি নিয়ে সিদ্ধান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

প্রতিবছই ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বছরের শুরুতে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চলতি বছর শুরু হলেও এখনো পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেনি বিসিবি।

করোনার কারণে দীর্ঘদিন খেলা না থাকায় খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় করার সুযোগ পায়নি বোর্ড। যে কারণে আগামী দুই সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স পর্যালোচনা করে চুক্তির তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আপাতত আগের ১৭ জনই থাকছেন তালিকাতে। সিরিজ দুটি শেষে বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আকরাম খান।

এ প্রসঙ্গে আকরাম বলেন,’‘প্রতিবছর কিন্তু আমরা পারফরম্যান্স দেখে চুক্তির তালিকা তৈরী করি। কিন্তু এবছর যেহেতু আমরা ওই ধরণের পারফরম্যান্স দেখতে পারছি না বিধায় যারা চুক্তিতে আছেন তাদের রেখে দুইটা সিরিজ দেখে তারপরে হয়ত আমরা সিদ্ধান্ত নিব। বোর্ডের সবার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেব।’’

দীর্ঘ ১০ মাস পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। ক্যারিবিয়ান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। এরপর স্থগিত হওয়া শ্রীলঙ্কা সফর করার সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে স্থগিত হওয়া সিরিজগুলো পুনরায় চালু করতে চায় বিসিবি।

এ প্রসঙ্গে আকরামের ভাষ্য,”হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদের সময় থাকতে হবে তো। সময় তো নেই। এবছরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্লেয়াররা খুবই ব্যস্ত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতেই আমাদের নিউজিল্যান্ড যেতে হবে, এরপর শ্রীলঙ্কা। অতএব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে খেলাগুলো আমরা খেলতে পারিনি সেগুলো পুনরায় খেলার চেষ্টা করব। সময়টা গুরুত্বপূর্ণ সেটা আমাদের জন্য এবং যাদের সঙ্গে খেলব তাদের জন্যও।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »