নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির নিষেধাজ্ঞা শেষ হয়েছে কয়েক মাস আগেই তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট দিয়েই ফিরছেন সাকিব আল হাসান। অন্যদিকে মুশফিকুর রহিম দেশের সেরা ব্যাটসম্যান। টেস্ট দলে না থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে অভিজ্ঞদের একজন। তাই এই তিন জনকে নিয়েই চিন্তিত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট।
ওয়ানডে এবং টেস্ট দুই ফরম্যাটেই ঘরের মাঠে মুশফিকের ব্যাট হয়ে উঠতে পারে প্রতিপক্ষের জন্য হুমকি স্বরূপ। অভিজ্ঞ মাহমুদউল্লাহও কম যাননা। ওয়ানডে ক্রিকেটে অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে কোন সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন তিনি। বোলিংয়ে মিরাজ তাইজুল সাকিব ত আছেনই।
আর এসব নিয়েই মূলত চিন্তিত উইন্ডিজরা। দলটির অধিনায়ক তো অকপটে স্বীকারই করলেন সাকিব বাংলাদেশের মূল খেলোয়াড়। মুশফিককে দিলেন খুব ভালো খেলোয়াড়ের উপাধী। দেশের মাটিতে টাইগারদের সামর্থ্যও তাঁর অজানা নয়। তবে ব্রাথওয়েটের বিশ্বাস পরিকল্পনার সঠিক বাস্তবায়নই পারে সাকিব-মুশফিকদের সামাল দিতে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন,”সাকিব অবশ্যই তাদের জন্য মূল খেলোয়াড়। রহিমও (মুশফিক) খুব ভাল খেলোয়াড়। তাদের মাহমুদউল্লাহও রয়েছে। তাদের সমস্ত সেরা খেলোয়াড়রাই থাকবে। তাঁরা নিজেদের মাটিতে খুব ভাল খেলে। ভালো কিছু স্পিনার এবং খুব দক্ষ ব্যাটসম্যান নিয়ে তাদের একটি ভালো দল হয়েছে। তবে আমরা যদি আমাদের পরিকল্পনাগুলো কার্যকর করি এবং নিজের উপর বিশ্বাস রাখি তবে আমরা কাজটি সঠিকভাবে সম্পূ্ণ করতে পারব।”
অভিজ্ঞদের শূন্যতা অনুভব করলেও এই দল নিয়ে টেস্ট জয় করা সম্ভব বলে মনে করছেন ব্রাথওয়েট। এজন্য অবশ্য তাকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে ব্রাথওয়েট আরো বলেন,”আমি মনে করি আমাদের দলটি খুবই ভালো। আমরা কিছু কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের শূন্যতা অনুভব করব। তবে আমি জানি যে এই দলটি নিয়েও আমাদের পক্ষে টেস্ট জয় সম্ভব। এই ছেলেরা ভাল করার জন্য মুখিয়ে আছে। আমাকে মাঠে সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং ব্যাটসম্যান হিসাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”
