নিউজ ডেস্ক »
অস্ট্রেলিয়া দলের স্লেজিংয়ের কারণে আলাদা একটা নামডাক রয়েছে। আর চলতি অস্ট্রেলিয়া-ভারত সিরিজে যেন স্লেজিংয়ের মাত্রা বাড়তি রূপ নিয়েছে। এই সিরিজে মাঠের লড়াইয়ের থেকে কথার লড়াই বেশি হচ্ছে।
সিডনি টেস্টের শেষ দিনে গতকাল পিঠের ব্যাথা নিয়ে ব্যাট করা রবিচন্দ্রন অশ্বিনকে কড়া স্লেজিং করতে দেখা গেছে উইকেটের পিছনে দাড়ানো অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনকে। পেইনের এ ধরণের আচরণে রীতিমত ক্ষুদ্ধ ভারতীয়রা।
দেশটির কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার যেমন পেইনের অধিনায়কত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন। পেইনের আচরণ অধিনায়ক সুলভ নয়, তাই তাঁকে অধিনায়কত্ব থেকে অপসারণ করা উচিত বলে মত গাভাস্কারের। কম কথা বলে পেইনকে অধিনায়কত্বে মনোনিবেশ করারও পরামর্শ দিয়েছেন তিনি।
ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন,”সিরিজের পরে টিম পেইনকে অস্ট্রেলিয়া অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া উচিত। তাঁর আচরণ অধিনায়কত্বের উপযোগী নয়। তাঁর উচিত কম কথা বলা এবং তাঁর পরিবর্তে ক্যাচ নেওয়া। তার পক্ষে আরও ভালো যদি সে দলকে নেতৃত্ব দেওয়ার দিকে মনোনিবেশ করে।”
পেইনের এত কড়া স্লেজিংও অশ্বিনের মনোবল টলাতে পারেনি। দিনের শেষ ১০ ওভার বিহারিকে সঙ্গে নিয়ে নিরাপদে কাটিয়ে দেন অশ্বিন। ফলে ৪০৭ রানের জবাবে ৩৩৪ রানে ৫ উইকেট হারিয়ে পঞ্চম দিন শেষ করে ভারতকে জয়ের সমান এক ড্র উপহার দেন।
