‘অতিষ্ঠ’ হয়ে উঠেছেন ডি কক

নিউজ ডেস্ক »

মহামারি করোনা ভাইরাসের কারণে হঠাৎ করেই পুরো বিশ্ব বদলে গিয়েছে। পরিবর্তন এসেছে বিশ্ব ক্রিকেট অঙ্গনেও। বর্তমানে একটা সিরিজ খেলতে গেলে কোয়ারেন্টাইন ঝামেলা কোভিড টেস্ট আইসোলেশন সব মিলিয়ে বেশ দীর্ঘ সময় নির্দিষ্ট একটি পরিবেশে রীতিমত বন্দী অবস্থায় থাকতে হচ্ছে ক্রিকেটারদের।

 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও এর বাইরে নন। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার পরেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তিনজন প্রোটিয়া ক্রিকেটার এবং দু’জন হোটেল কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যে কারণে দেশ দুটির মধ্যকার ওয়ানডে সিরিজ স্থগিত ঘোষণা করা হয়েছিল।

 

তাই সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আরো কঠোর জৈব সুরক্ষা বলয় মেনে চলতে হয়েছে প্রোটিয়া ক্রিকেটারদের। এই বন্দী দশায় তাই আতিষ্ঠ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। অতিষ্ঠ হয়ে পড়লেও এই পরিবেশকে সর্বোত্তম উপায়ে মোকাবেলা করার পক্ষে মত তাঁর।

 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডি কক বলেন,”কোয়ারেন্টাইন ট্যুরগুলোকে আরও দীর্ঘ করছে। যে কারণে লম্বা সময় ধরে ‌আমাদের একটি সুরক্ষা বলয়ের মধ্যে আটকে থাকতে হচ্ছে। এটি (সুরক্ষা বলয়) আমাদের খুবই অতিষ্ঠ করছে। কিন্তু বর্তমান সময়ের জন্য ‌আপনাকে সর্বোত্তম উপায়ে এটিকে মোকাবেলা করতে হবে।”

 

জৈব সুরক্ষা বলয় থেকে এখনই মুক্তি পাওয়ার সুযোগ সেই তাদের। তাই ডি ককও জানেন না কবে এই অতিষ্ঠ পরিবেশ থেকে মুক্তি পাবেন।

 

এ প্রসঙ্গে তিনি আরো বলেন,”জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকলে অনেকগুলি স্নায়ুবিক ব্যাপার আপনার চারদিকে ঘুরে, অনেক ছোট ছোট জিনিস আপনার মনে আসে। যে জিনিসগুলির সঙ্গে আপনি কখনোই অভ্যস্ত নন। একদিন আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করলে পরের দিন আমাদের লকডাউনে থাকতে হবে। তাহলে এটা থেকে আমরা কখন মুক্তি পাব?”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »