নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দলে ফেরা নিয়ে সবসময় গুঞ্জন চলছিল তাকে নিয়ে। ইনজুরির কাটিয়ে বক্সিং ডে টেস্ট দিয়ে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি এই ওপেনারের। শেষমেষ সিডনিতে তৃতীয় টেস্ট খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই আলোচনা এবার শেষ হচ্ছে সেটা ধরেই নেয়া যায়।
অস্ট্রেলিয়ার হেড কোচের কথাতে সেটারই ইঙ্গিত মিলেছে। শতভাগ ফিট না হলেও ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে শুরুতে ব্যাট করতে দেখা যাবে অভিজ্ঞ এই ওপেনারকে। এটার জন্য ওয়ার্নারের লড়াকু মানসিকতাকেই কৃতিত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ার এই কোচ।
তৃতীয় টেস্টের আগে পুরোপুরি ফিট না হলেও সিডনি টেস্টে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে ওয়ার্নারের। এ প্রসঙ্গে ল্যাঙ্গার বলেন,”খুব আশাবাদী যে ডেভিড (ডেভিড ওয়ার্নার) তৃতীয় টেস্টের জন্য জন্য প্রস্তুত হয়ে ওঠছে। সে একজন যোদ্ধা, তাই না? আমি প্রথম দিন থেকেই এই কথাটি বলে আসছি যে, প্রস্তুত হওয়ার জন্য সে যথাসাধ্য চেষ্টা করছে। সে খুবই ভালোভাবে নড়াচড়া করতে পারছে। এই টেস্টে খেলতে সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’’
তিনি আরও বলেন,”সে প্রতিদ্বন্দ্বিতা ভালোবাসে, টেস্ট ক্রিকেট খেলতে পছন্দ করে। আমরা আজ বিকেলে অনুশীলনের সময় তার উপর কিছুটা বিশেষ নজর রাখব এবং সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে আমার যতটুকু মনে হচ্ছে সে (ওয়ার্নার) খুব সম্ভবত টেস্ট খেলবে।’’
ব্যাটিংয়ে খুব বেশি সমস্যা না হলেও ফিল্ডিং করতে গিয়ে বিপাকে দেখা যেতে পারেন তিনি। রান নেয়ার সময় কিংবা ৩০ গজের বাইরে ফিল্ডিং করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এই সমস্যা কাটিয়ে ওঠতে ইতোমধ্যে নতুন পরিকল্পনা সাজিয়েছে অস্ট্রেলিয়া। পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে স্লিপে ফিল্ডিং করতে দেখা যেতে পারে।
এ প্রসঙ্গে ল্যাঙ্গারের ভাষ্য,’‘আমার মনে হয় ডেভিডের (ডেভিড ওয়ার্নার) ব্যাটিং নিয়ে খুব একটা সমস্যা হবে না। মাঠে তার চলাফেরায় একটু পরিবর্তন আনতে হবে। হয়তো তাকে স্লিপে ফিল্ডিং করতে হবে। আমার এখনও মনে আছে, ২০১৯ অ্যাশেজে লিডসে সে দারুণ কিছু ক্যাচ নিয়েছিল (স্লিপে)। সে দারুণ এক প্রতিভা।’’
