ফিটনেসে ঘাটতির জন্য ক্রিকেটারদের বয়স চুরিকে দুষছেন আসিফ-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিজ দেশের বর্তমান ক্রিকেটারদের বয়স নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ। বয়স চুরির সাথে ফিটনেস ঘাটতির কারণে পাকিস্তানি পেসাররা তাদের সামর্থ্যের সবটা ঢেলে দিতে পারেন না বলে অভিযোগ করেছেন এই ক্রিকেটার।

সম্প্রতি ক্রিকেটার কামরান আকমলের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে আসিফ এসব কথা বলেন। বর্তমান পেসারদের ফিটনেস নিয়ে সমালোচনা করেন তিনি। এক পর্যায়ে তিনি জানান, এসব ক্রিকেটারদের বয়স কাগজে কলমে অনেক কম দেখা গেলেও প্রকৃতপক্ষে তা কম নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের হার নিয়ে আলোচনার সময়েই এসব কথা বলেন আসিফ।

কিউইদের সাথে টেস্টে পাকিস্তান স্কোয়াডে খেলেন ৪ জন পেসার। যাদের মধ্যে নাসিম শাহ ১৭ বছর, শাহীন আফ্রিদি ২০ বছর, ফাহিম আশরাফ ২৬ বছর ও মোহাম্মদ আব্বাস ৩০ বছর বয়সী। আসিফ মূলত অভিযোগ করেছেন নাসিম-শাহীনদের নিয়ে।

আসিফ বলেন,”ওদের সঠিক জ্ঞানের অভাব। ওরা জানে না কীভাবে বল টানা উইকেটে রাখতে হয়। বরং ওরা উইকেটে বল করতে গেলে লেগ সাইডে চলে যায় সেগুলো। এবং ওদের বয়স বেশি। হ্যা, কাগজে-কলমে তাদের বয়স ১৭-১৮ বছর, কিন্তু তাদের আসল বয়স যেন ২৭-২৮ বছর! তারা টানা ২০-২৫ ওভার বোলিংও করতে পারে না। তারা জানে না কীভাবে চনমনে থাকতে হয়, বরং তারা ৫-৬ ওভার বোলিং করার পরেই তারা ক্লান্ত হয়ে আর মাঠে দাঁড়াতে পারে না।’’

উল্লেখ্য দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে ৩ জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »