নিউজ ডেস্ক »
চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তবে এই সিরিজের আগে ইংল্যান্ডে ইতিমধ্যে সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরের জন্য গত ২৯ ডিসেম্বর দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ । যেখানে তাদের নিয়মিত টেষ্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কাইরোন পোলার্ড করোনাভাইরাসের অজুহাত দিয়ে আসছেন না। এর সাথে আসছেন না আরও ৮ নিয়মিত ক্রিকেটার।
ওয়ানডের জন্য ঘোষণা করা দলে আছেন ৮ জন নতুন খেলোয়াড়। যাদের এখনো ওয়ানডে অভিষেকই হয়নি। প্রায় অধিকাংশ ক্রিকেটারের অভিষেক হবে বাংলাদেশের বিপক্ষে। তবে এত কিছুর পরেও বাংলাদেশ সিরিজে নাম কামানো ও ভালো সুযোগ হিসেবে দেখছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক জিমি অ্যাডামস।
এক অনলাইন সংবাদ সম্মেলনে জিমি অ্যাডামস বলেন, ‘আমি এটাকে সুযোগ হিসেবে দেখছি। উপমহাদেশ সফরে আলাদা চ্যালেঞ্জ আছে। বছরের পর বছর অনেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এমন কন্ডিশনে প্রথমবার খেলতে গিয়ে নিজেদের নাম বানিয়ে এসেছে। আমি দলের দিকে তাকিয়ে যা দেখছি, সেখানে অভিজ্ঞতা নেই।’
অভিজ্ঞতা না থাকলেও প্রতিভার কমতি নেই জানিয়ে তিনি আরও বলেন,’কিন্তু এখানে প্রতিভার কমতি নেই। আমরা বিশ্বাস করি, শুধু ভালো পারফরম্যান্স নয়, আমরা কয়েকজনের দীর্ঘ ক্যারিয়ারের শুরু দেখতে পাব। এমন সফরে আমি এভাবেই চিন্তা করতে চাই।’
নিউজক্রিকেট/আরআর
