ডেস্ক রিপোর্ট »
যে কোন ফরম্যাটে ম্যাচ জয় লাভ করার জন্য ব্যাটে-বলে ভালো করার পাশাপাশি ফিল্ডিংয়েও ভালো করাটাও অতিব জরুরি। আজ ফরচুন বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বেক্সিমকো ঢাকা। তবে তার দলের ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ে খুব বেশি রান তুলতে না পারলেও চট্টগ্রামের ব্যাটসম্যানদের শুরু থেকেই চেপে ধরে ঢাকার বোলাররা। বোলাররা কাজটা ঠিকঠাক করে গেলেও ফিল্ডিংয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। মিসফিল্ডিংয়ের কারণে বেশ আগ্রাসী দেখা গেছে মুশফিককে।
ম্যাচ শেষে ফিল্ডিং নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে মুশফিক বলেন,”হ্যাঁ অবশ্যই আমি আমার ফিল্ডারদের নিয়ে বেশ হতাশ। আমি যেটা আগেও বলেছিলাম যে এটা খেলারই একটা অংশ। বোলাররা অনেক সুযোগ তৈরী করেছে এটা একটা ভালো কিছুরই লক্ষণ যখন আপনি এত কম রান ডিফেন্ড করবেন। আমি মনে করি এটি আগামীকালের ম্যাচের জন্য আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু ক্রিকেটারদের নিয়ে আবারো ঘুরে দাড়াবো বিশেষ করে প্রথম ছয় ওভারে।’’
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি ঢাকার ইনিংসের মাঝের দিকে ইয়াসির আলী রাব্বিকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন মুশফিক। ৩০ বলে ৪৩ রান করে মুশফিক ফিরে গেলেও শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করে দলকে ১৫০ রানের সংগ্রহ এনে দেন রাব্বি। যে কারণে ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির অধিনায়ক।
এ প্রসঙ্গে তাঁর ভাষ্য,”আমি মনে করেছিলাম ১৬০ এর অধিক রান খুব ভালো সংগ্রহ হতে পারে। আপনি জানেন এটা নকআউট খেলা তাই যখন আপনি রান তাড়া করতে যাবেন সবসময়ই চাপ থাকবে। যখন আপনি তামিমকে অতি দ্রুত আউট করবেন তখন ওরা মিডল অর্ডারে অনেক অনঅভিজ্ঞ হয়ে পড়বে। তো আমরা জয়টা পেয়েছি। আমি মনে করি রাব্বি অনেক ভালো ব্যাট করেছে এবং আকবর শেষ দিকে একটি ঝড়ো ইনিংস খেলেছে। সর্বোপরি আমাদের বোলাররা আমাদের জন্য জয়টা ছিনিয়ে এনেছে।’’
