ডেস্ক রিপোর্ট »
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আসরের প্রথম ম্যাচটির কথা ভুলে যেতে চাইবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে ২২ রান আটকাতে ব্যর্থ হওয়া সাথে ওপেনিংয়ে নেমে প্রথম বলেই দিয়ে আসেন নিজের উইকেট।
একটা সময় মিরাজের অলরাউন্ডার হিসেবে জশ খ্যাতি থাকলেও বর্তমানে এখন শুধু স্পিনার হিসেবেই বিবেচনা করা হয়। মিরাজের সেই ‘অলরাউন্ডার’ তকমা ফিরে পাবার সুযোগ এসেছিল আবার। কিন্তু দেশসেরা ওপেনার ও দলের অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেন করতে নেমেই খেয় হারিয়ে ফেলেন মিরাজ!
দলে স্পেশালিষ্ট ওপেনার থাকা সত্ত্বেও মিরাজকে ওপেনিংয়ে নামিয়ে সমালোচিত হয়েছিল বরিশাল। তবে দলের কোচ সোহেল ইসলাম বলছেন, টিম কম্বিনেশনের কারণেই এই সিদ্ধান্ত।
তিনি বলেন,’‘ওপেনার আছে এটা ঠিক। একটা হচ্ছে- টিমের কম্বিনেশনের একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত হচ্ছে- মিরাজ এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওপেন করছে না। তার আগের অভিজ্ঞতা আছে। যেহেতু তার অভিজ্ঞতা আছে, সে ওপেনে ভালো রানও করে এসেছে। সে পরীক্ষিত, ভালো খেলতে পারে। হয়ত এতটা সুযোগ পায়নি।’’
এক ম্যাচের ব্যর্থতা দিয়ে মিরাজকে মূল্যায়ন করতে নারাজ বরিশালের প্রধান কোচ। মিরাজ যে তাই ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে আরও সুযোগ পাচ্ছেন, তা স্পষ্ট কোচের কথায়।
সোহেল বলেন,”আমি আশাবাদী, সে ভালো করবে। দেখেন এই ছেলেটা যদি নতুন হতো তাহলে একরকম ছিল। মিরাজ দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে। এর চেয়েও কঠিন অবস্থায় বড় হয়েছে। সে মানসিকভাবে এতটাই নড়বড়ে না যে একটা ম্যাচ খেলার পর ড্রপ ডাউন হবে। তার নিজের বিশ্বাস আছে। আমাদেরও পুরো আস্থা আছে যে সে ভালো করতে পারবে। তার নিজেরও বিশ্বাস আছে যে না একটা ম্যাচে এমন হয়েই যেতে পারে । আমার কাছে মনে হয় সে এখন আর ভালো ফোকাস আছে এবং আরও ভালো তৈরি হচ্ছে।’’
