ডেস্ক রিপোর্ট »
করোনার প্রকোপ শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী পরবর্তী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আয়োজনের সূচি রয়েছে।
এই সিরিজকে সামনে রেখে চলেছে দুই বোর্ডের মধ্যে আলাপ-আলোচনা। আর সবরকম আলোচনা শেষে এই সিরিজের সূচি নিশ্চিত করেছে। আগামী বছরের ৭ জানুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন এই সিরিজে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ক্যারিবিয়ানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে এই সিরিজের সব ম্যাচগুলো।
ক্যারিবীয়দের এই সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সঙ্গে আলোচনা সচল রেখেছিল বিসিবি। ইতোমধ্যে ডব্লিউআইসিবিকে বেশ কিছু তথ্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।
এছাড়া বাংলাদেশ সফরে এসে এক সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে এই সময় তারা অনুশীলন করতে পারবে কিনা এই বিষয়ে এখনও নিদিষ্ট কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
