বাংলায় গরম, ইংলিশে নরম লংকানরা!

নিউজ ডেস্ক »

কোয়ারেন্টাইন শর্ত না মানায় বাংলাদেশকে না বললেও শ্রীলঙ্কায় কোন কোয়ারেন্টাইন ছাড়াই খেলবেন ইংল্যান্ড। নিজ দেশে ১৪দিন কোয়ারেন্টাইন শেষ কর লংকা গিয়েই প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে ইংল্যান্ডের। অথচ বাংলাদেশের দেওয়া ৭ দিনের কোয়ারেন্টাইনও মেনে নেয়নি লংকান ক্রিকেট বোর্ড।

করোনা ভাইরাসের পরবর্তীতে ক্রিকেট মাঠে ফিরেছে। কিন্তু দর্শকহীন বায়ো নিরাপত্তার মধ্যে দিয়েই চলছে ক্রিকেট। এর মধ্যে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করলেও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরাতে পারেনি বিসিবি। শ্রীলঙ্কা সফরের কথা থাকলেও সেটা ভেস্তে যায় লংকানদের কোয়ারেন্টাইন নিয়মের কারণে। ১৪ দিন কোয়ারেন্টাইনে নারাজ ছিলো বাংলাদেশ। কিন্তু ১৪দিনের কোয়ারেন্টাইন ব্যাতিত সিরিজ খেলতে অস্বীকার জানায় লংকান বোর্ড। এ নিয়ে বেশ চিঠি চালাচালি করেও শেষ পর্যন্ত সফরটি বাতিল করে বাংলাদেশ। কিন্তু ভিন্ন চিত্র ইংলিশদের লংকা সফরে। বাংলাদেশকে দেওয়া লংকানদের কোন শর্তই মানতে হবেনা ইংল্যান্ডকে।

নিজ দেশে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করেই ভাড়া করা বিমানে লংকা পাড়ি জমাবেন ইংলিশ ক্রিকেটাররা। তার পরেই খেলবেন ২টি প্রস্তুতি ম্যাচ। যদিও নিজেদের মধ্যে খেলবেন এই ম্যাচ। এ বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, শ্রীলঙ্কায় পা রাখার আগে নিজেদের দেশে ১৪ দিনের কোয়ারেন্টিন সেরে আসবে ইংল্যান্ড দল। সিলভা আরও জানিয়েছেন, ‘ভাড়া করা উড়োজাহাজে করে তারা আসবে এবং প্রয়োজনীয় পিসিআর টেস্ট (করোনা পরীক্ষা) করে ঢুকবে জৈব সুরক্ষিত পরিবেশে।’

অথচ বাংলাদেশের জন্য ছিলো একগাদা নিয়ম কানুন। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সহ কোন প্রস্তুতি ম্যাচ তো দূর, অনুশীলন করারও সুযোগ ছিলোনা বাংলাদেশ দলের৷ বিসিবির পক্ষ থেকে ১৪ দিনের পরিবর্তে ৭দিনের কোয়ারেন্টাইন দেশে করার কথা দিলে নাকোচ করে লংকান বোর্ড। হাজার অনুরোধ করার পরেও সিরিজটি খেলতে পারেনি বাংলাদেশ। কিন্তু হঠাৎই ইংল্যান্ডের জন্য নিয়মগুলো শিথিল হলো কেনো? তাহলে দলটি ইংল্যান্ড বলেই এতো শিথিলতা?

নিউজক্রিকেট২৪/কেএমএএইচ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »