সাকিব শাওন : »
নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনাল ম্যাচে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জয় করল সালমা খাতুনের ট্রেইলব্লেজার্স। এই জয়ের ম্যাচে সালমার অবদান নেহাতই কম নয় নিয়েছেন ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট।
দিনের শুরুতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় সুপারনোভাস। ট্রেইলব্লেজার্সের পক্ষে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও ডিন্ড্রা ডটিন। দলের অর্ধেকের বেশি রানই এসেছে অধিনায়ক স্মৃতির ব্যাট থেকে। ডটিন ও স্মৃতি উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭১ রান। ৩২ বলে ২০ রানের ধীরগতির ইনিংস খেলেন ডটিন।
দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়েন স্মৃতি ও রিচা ঘোষ। ৪৯ বলে ৬৮ রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন স্মৃতি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। ইনিংসের ৩১ বল বাকি থাকতে আউট হন এই বাঁহাতি ব্যাটার। স্মৃতি আউট হওয়ার পরে আর মাত্র ১৭ রান তুলতে পেরেছিল ট্রেইলব্লেজার্স। ব্যাটিং করতে নামার সুযোগ হয়নি বাংলাদেশের সালমা খাতুনের।
নির্ধারিত ২০ ওভারে ১১৮ রান সংগ্রহ করতে পারে ট্রেইলব্লেজার্স। সুপারনোভাসের পক্ষে একাই ৫টি উইকেট শিকার করেন রাধা যাদব। ৪ ওভারে তিনি খরচ করেন ১৬ রান।
জবাবে শুরুটা খুব একটা ভালো ছিল সুপারনোভাসের। ১০ রানের মাথায় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান চামারি আতাপাত্তুকে হারিয়ে বসে তারা। দলীয় ৩০ রানে জেমিমা রদ্রিগেজ ও ৩৭ রানে তানিয়া ভাটিয়াকে প্যাভিলিয়নের পথ দেখান দীপ্তি শর্মা। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া সুপারনোভাসকে উদ্ধার করেন হারমনপ্রীত কর ও শশীকলা শ্রীবর্ধনে। ট্রেইলব্লেজার্সের জন্য ভয়ঙ্কর হতে থাকা এই জুটি ভাঙেন সালমা। শশীকলার উইকেটটি শিকার করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। হারমনপ্রীত ও শশীকলা গড়েছিলেন ৩৭ রানের জুটি। শশীকলার ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান।
ব্যক্তিগত ৪ ওভারে সালমা রান দেন দেন ১৮ বিনিময়ে শিকার করেছেন ৩টি উইকেট। প্রথম দুই ওভারে ৫ করে খরচ করার পরে তৃতীয় ওভারে কেবল ৪ রান দেন সালমা। নিজের শেষ ওভারে এসে বাজিমাত করেন তিনি। ওভারের দ্বিতীয় বলেই রান আউট হন অনুজা পাতিল।
পরের বলেই সুপারনোভাসের সর্বোচ্চ রানসংগ্রাহক হারমনপ্রীতকে বোল্ড করেন সালমা। এক বল পরেই পূজা বাস্তকরের উইকেট পান সালমা। তার শেষ ওভারে মোট ৩টি উইকেট পড়ায় ম্যাচের পুরো নিয়ন্ত্রণ চলে যায় ট্রেইলব্লেজার্সের হাতে।
সংক্ষিপ্ত স্কোর
ট্রেইলব্লেজার্স ১১৮/৮ (২০ ওভার);
স্মৃতি ৬৮, ডটিন ২০; রাধা ৫/১৬।
সুপারনোভাস ১০২/৭ (২০ ওভার);
হারমনপ্রীত ৩০, শশীকলা ১৯; সালমা ৩/১৮।
নিউজক্রিকেট/এসএস
