সাকিব শাওন : »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ফাইনালে জায়গা করে না নিতে পারাকে একপ্রকার লজ্জাজনক মনে করেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। তবে বাঁচা-মরার সব ম্যাচ জয়লাভ করে প্লে অফ নিশ্চিত করেছে তার দল এজন্য গর্ব করা উচিত বলেও মনে করেন এই কিউই অধিনায়ক।
রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে ৬৭ রানের ইনিংস খেলেও হায়দরাবাদকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি উইলিয়ামসন। দিল্লির বিপক্ষে ১৭ রানে হেরে চলতি আইপিএল মিশন শেষ হায়দরাবাদের। সর্বশেষ ৭ ম্যাচে এটি দিল্লির দ্বিতীয় জয়। আর টানা চার ম্যাচ জয়ের পর এবার হারের মুখ দেখলো অরেঞ্জ আর্মিরা।
এ প্রসঙ্গে উইলিয়ামসন বলেন, ”ফাইনালে না যাওয়া সত্যিই লজ্জাজনক। কিন্তু আমি মনে করি গত তিন সপ্তাহ ছেলেরা যেভাবে খেলেছে এটা নিয়ে গর্ব করা উচিত। বেশ কয়েকটি ম্যাচে আমরা খুব কাছে গিয়ে হেরেছি। মনে হয় আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি, প্রতিটি দলই শক্তিশালী। প্রত্যেকেই প্রত্যেককে হারিয়েছে, এমন পরিস্থিতিতে আপনার সেরাটা খেলার দরকার ছিল।”
এর আগে দিল্লি প্রথমে ব্যাট করে ১৯০ রান সংগ্রহ করে। বড় রান তাড়া করতে নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। এরপর জেসন হোল্ডারের সঙ্গে ৪৬ এবং আব্দুল সামাদের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিলেও দলকে জেতাতে পারেননি উইলিয়ামসন। ম্যাচ শেষে তাই প্রতিপক্ষকে প্রশংসায় ভাসালেন তিনি।
উইলিয়ামসন বলেন, “দিল্লি ভালো একটি দল। তারা আমাদের মতো ছন্দে ফেরার চেষ্টা করছে এবং আমরা খুব অল্প সময় ছন্দে ছিলা। দিল্লি দলগতভাবে আমাদের বিপক্ষে দারুণ ভালো খেলেছে। দ্বিতীয় ইনিংসে ঝুঁকি নিতেই হতো। আমরা ভালো শুরু করতে পারিনি তবে আমরা মাঝের দিকে কয়েকটি জুটি গড়তে পেরেছিলাম। আমাদের তখন কিছুটা সুযোগ ছিল।”
নিউজক্রিকেট/এসএস
