‘অফ ফর্ম’ রোহিতের সুযোগ নিতে চায় দিল্লি

নিউজ ডেস্ক »

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। গত ম্যাচে ইনজুরি থেকে মাঠে ফিরেছেন রোহিত। তবে রান পাননি এই অধিনায়ক আর এই অফ ফর্মের সুবিধা ভালোভাবেই কাজে লাগাতে চায় দিল্লি। দলটির অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এমনটাই জানিয়েছেন।

আইপিএলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের ভরসার এক নাম রোহিত শর্মা। চলতি আসরের মাঝপথে হ্যামস্ট্রিংয়ের চোটে বেশ কিছু ম্যাচ মিস করেন তিনি। যদিও প্লে অফের আগে হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছেন এই ওপেনার। সেই ম্যাচে মাত্র ৪ রান করে আউট হন তিনি।

ধাওয়ানের মতে ইনজুরি থেকে ফেরায় চাপে রয়েছেন রোহিত। আর সেটাই কাজে লাগাতে চায় তাঁর দল। তিনি বলেন,”রোহিত খুবই ভালো ক্রিকেটার। সে অনেক দিন ম্যাচ খেলেনি। হয়তো সে ভালো ফর্মে নেই। এটা জানতে হবে সে কেমন আত্মবিশ্বাসী। যখনই ক্রিকেটার ইনজুরি থেকে আসে, তার ওপর চাপ থাকে। আমরা সেটার সুবিধা নিতে চাই।”

প্রথম কোয়ালিফায়ারে মুম্বাইকেই এগিয়ে রাখছেন ধাওয়ান। তবে তিন বিভাগেই ভালো ক্রিকেট খেললে জয় পাওয়া অসম্ভব নয় বলে দাবি এই ওপেনারের। ধাওয়ান বলেন, ”এটা নিয়ে কোনো তর্ক নেই যে মুম্বাই এগিয়ে থাকবে। আমরাও শক্ত দল। আমাদের জয়ের জন্য কেবল সব বিভাগে ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের পরিষ্কার থাকতে হবে কী করতে চাই।’

মুম্বাইয়ের বিপক্ষে নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়েও কথা বলেন ধাওয়ান। তাঁর ভাষ্যমতে, ‘আমি নিজেকে মুম্বাই ম্যাচের জন্য সতেজ রাখতে চাই। আমি তাদের বোলারদের অনেক বার দেখেছি। আমি ইতোমধ্যেই তাদের পরিকল্পনা জানি। আমি আমাদের দলকে জেতাতে প্রস্তুত আছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »