চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত রাহুল

নিউজ ডেস্ক »

করোনার প্রকোপ কাটিয়ে এই প্রথম মাঠে নামতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। আগামী মাসেই অষ্ট্রেলিয়ার সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে ভারত। সেই সিরিজকে সামনে রেখে লোকেশ রাহুলকে সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। গত সোমবার অষ্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভিন্ন ভিন্ন দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি আইপিএলে নজর কাড়া পারফর্ম করে বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার দলে জায়গা করে নিয়েছেন। তবে হ্যামেস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে কোনো সংস্করণেই জায়গা হয়নি নিয়মিত সহ-অধিনায়ক রোহিত শর্মার। তাই সংক্ষিপ্ত ফরম্যাটে কোহলির সহকারি হিসেবে রাহুলকেই বেছে নিয়েছে বিসিসিআই।

সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এত বড় দায়িত্ব পাওয়ার প্রত্যাশা না করলেও সহ-অধিনায়ক হিসেবে চ্যালেন্জ নিতে প্রস্তুত আছেন তিনি। সহ-অধিনায়কের দায়িত্ব পাবার নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,”এটি খুবই খুশির এবং গৌরবের মুহুর্ত। আমি মোটেও এটি প্রত্যাশা করিনি। কিন্তু আমি অনেক খুশি। আমি এই দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। আমি আমার দলের জন্য সর্বোচ্চ দিতে যথাসাধ্য চেষ্টা করব।”

 

অষ্ট্রেলিয়ার সফরের জন্য বেশ মুখিয়ে আছেন রাহুল। আগামী ২-৩ সপ্তাহ নিজের জন্য খুব গুরুত্বপূর্ণও মনে করছেন তিনি। এ বিষয়ে রাহুল আরো বলেন, ”আসন্ন সফরটির জন্য আমি মুখিয়ে আছি। কিন্তু তার আগে ২-৩ সপ্তাহ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের ২-৩ মাসও আমার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই মুহুর্তে আমি একটি দিনের চিন্তা করছি এর বেশি আপাতত ভাবছি না।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »