নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আইপিএলের লিগ পর্বের প্রথমদিকে একেবারেই জরাজীর্ণ অবস্থায় ছিল প্রীতি জিন্তার দল পাঞ্জাব। কিন্তু শেষদিকে এসে এখন ঘুরে দাঁড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ৭ ম্যাচে মাত্র ১টি জয় পাওয়া দলটি টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে। ১০ ম্যাচ শেষে ৪টি ম্যাচে জয় নিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে লোকেশ রাহুলের দল।
গতকালের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় পাঞ্জাব, এবং ৫ উইকেটের বড় জয় পেয়েছে পাঞ্জাব। টস জিতে ব্যাট করতে নেমে দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান জড়ো করে। দলের পক্ষে টানা দ্বিতীয় শতক হাঁকিয়ে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন শিখর ধাওয়ান। বলতে গেলে ধাওয়ান একাই টেনে নিয়ে গেছেন দলকে। মাত্র ৬১ বলের মোকাবেলায় ১০৬ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার, হাঁকিয়েছেন ১২টি চার ও ৩টি ছক্কা।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রাহুলকে হারায় পাঞ্জাব। এরপর ক্রিস গেইল দ্রুতগতিতে রান তুলে ভালো শুরু এনে দেন দলকে। গেইল ১৩ বলে ২৯ রান করেন। গেইলের বিদায়ের পরপরই মায়াঙ্ক আগারওয়ালও বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় দল।
তবে সেই চাপ উড়ে যায় নিকোলাস পুরানের ঝড়ে। ৬টি চার ও ৩টি ছক্কায় মাত্র ২৮ বলে ৫৩ রান করে সাজঘরে ফিরলেও পুরানের এই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় পাঞ্জাব। ম্যাক্সওয়েল ২৪ বলে ৩২ রান করে বিদায় নিলেও শেষদিকে দীপক হুদার ২২ বলে ১৫ ও জিমি নিশামের ৮ বলে ১০ রানের ইনিংসে ৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাঞ্জাব।
সংক্ষিপ্ত স্কোর
টস : দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস : ১৬৪/৫ (২০ ওভার)
ধাওয়ান ১০৬*, আইয়ার ১৪, পান্ট ১৪
শামি ২৮/২, নিশাম ১৭/১
কিংস ইলেভেন পাঞ্জাব : ১৬৭/৫ (১৯ ওভার)
পুরান ৫৩, ম্যাক্সওয়েল ৩২, গেইল ২৯
রাবাদা ২৭/২, অশ্বিন ২৭/১
ফল : কিংস ইলেভেন পাঞ্জাব ৫ উইকেটে জয়ী।
