নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আবারো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। এ নিয়ে টানা চতুর্থবারের মতো দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হলেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফে নির্বাচন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা নির্বাচনে ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১৩৫ জন।
নতুন মেয়াদে বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিনের মতো তিনিও টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন।
মোট ৯৪টি ভোট পেয়ে আবারো সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১টি ভোট।
৯১ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী। প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।
সহ-সভাপতি পদে ৮৯ ভোট পেয়ে প্রথম হয়েছেন ইমরুল হাসান, ৮১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন কাজী নাবিল আহমেদ ও ৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তারা তিনজনই কাজী সালাউদ্দিনে সম্মিলিত পরিষদের।
সহ-সভাপতির পদ মোট ৪টি। চতুর্থ সহ-সভাপতি পদে হয়েছে টাই। সমন্বয় পরিষদের মহিউদ্দিন আহমেদ মহি এবং স্বতন্ত্র প্রার্থী তাবিথ আউয়াল- দুজনই ৬৫ করে ভোট পেয়েছেন। এই অমীমাংসিত নির্বাচনের ফল আনার জন্য হবে পুনরায় ভোটগ্রহণ। আগামী ৩১ অক্টোবর (শনিবার) মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়ালের মধ্যে পুনরায় ভোট হবে।
এ পদের বাকি তিন প্রার্থী শেখ মুহম্মদ মারুফ হাসান ৬১, আমিরুল ইসলাম বাবু ৫৬ এবং এসএস আব্দুলাহ ফুয়াদ পেয়েছেন ৪৮ ভোট।
কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ থেকে নির্বাচন করেও সহসভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জিততে পারেননি আমিরুল ইসলাম বাবু। বাফুফের সদস্যপদের ভোট গণনা চলছে।
