ওয়ানডে সিরিজে থাকছেন না মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলংকা সফর বাদ হওয়ার পরে বিসিবির ভাবনায় এখন ঘরোয়া ক্রিকেট। ঘরোয়া ক্রিকেটে ফেরার আগে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি। দুই দিনের তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও একটি বাদ করে একটি ওয়ানডে ম্যাচ খেলার ভাবনা বিসিবির, তবে ওয়ানডে দলেও দেখা মিলবে না মাশরাফির।

ইতোমধ্যে বিসিবির সুরক্ষা বলয়ের মধ্যে আছেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। এবার তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলকে নিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিবি। তবে ওয়ানডে সিরিজের জন্য নির্বাচকদের ভাবনায় নেই মাশরাফি বিন মুর্তজা।

আপাতত সিস্টেমের মধ্যে থাকা ক্রিকেটারদের নিয়েই এই সিরিজের দল সাজানো হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘মাশরাফি তো আপাতত সিস্টেমে নেই, এই ক্যাম্প বা প্র্যাকটিসে সে নেই। তিন দলের এই সিরিজে আমরা কেবল সিস্টেমের মধ্যে থাকাদেরই নেব। ক্যাম্পে যারা আছেন, তাদের সঙ্গে হাই পারফরম্যান্স দলের কিছু ছেলেকে নেওয়া হবে। তিন দলে ভাগ করে দেওয়া হবে ওদের।’

বিসিবি এমন পরিকল্পনা করলেও এই সিরিজে দেখা যাবে না সাবেক অধিনায়ক মাশরাফি কে । এ প্রসঙ্গে বিসিবি আরও জানিয়েছে, সিরিজে অংশ নেয়ার জন্য মাশরাফির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর, সেই ধকল নিয়ে এখনও সামলে ফিট হয়ে উঠতে না পারায় খেলতে চাননি সাবেক এই ওয়ানডে অধিনায়ক।

বিসিবি সামনে টি-টোয়েন্টি কর্পোরেট লিগ আয়োজন করলে সেখানে দেখা যেতে পারে মাশরাফিকে। মিনহাজুল আবেদীন বলেন, ‘সামনে কর্পোরেট টি-টোয়েন্টি যদি হয়, সেটা তো সবার জন্যই উন্মুক্ত থাকবে। ঘরোয়া ক্রিকেটের খেলা আরও হবে। মাশরাফি যদি পারফর্ম করতে পারে, তখন আমরা দেখব।’

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »