হাফিজ আর মালিককে টি-টোয়েন্টি বিশ্বকাপে চান মিসবাহ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এ বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টুয়েন্টি বিশ্বকাপের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেটা সম্ভব হয়নি, যে কারণে সময় পিছিয়ে আগামী বছর দেওয়া হয়েছে। সামনের বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান একাদশে জায়গা করে নেবেন দলটির দুই সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের বর্তমান প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হক দাবি করছেন এমনটাই।

৩৮ বছর বয়সী মালিক ও ৩৯ বছর বয়সী হাফিজ- দুজনই পাকিস্তানের বর্তমান টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য এখন। মিসবাহর দাবী, পারফর্ম করার কারণেই দিনের পর দিন জাতীয় দলে জায়গা করে নিচ্ছেন মালিক ও হাফিজ।

এ বিষয়ে মিসবাহ বলেন, ‘আপনি যদি তাদের শেষ দুই বছরের রেকর্ড দেখেন, তাহলে দেখবেন দুজনই দলের হয়ে যথেষ্ট ভালো করেছে। বেশ ভালো কিছু ইনিংস খেলেছে। আপনি যদি তাদের স্ট্রাইক রেট দেখেন, সেটাও আন্তর্জাতিক মানের। আমি মনে করি দুজনই সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো। তাদের বয়সের কারণে এখনই সেটা বলে দিলে একটু আগেভাগে হয়ে যায়। কেননা বিশ্বকাপ এখনও অনেক দূর। আমরা ততদিনে বিভিন্নভাবে দল সাজিয়ে সেরা ১৫ খুঁজে বের করব।’

পাকিস্তানের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক বাবর আজমকে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টি-টুয়েন্টি সিরিজে অনেক সমলোচনাই হয়েছে। মিসবাহ এ বিষয়ে বলেন, ‘ বাবর আজম যথেষ্ট শক্তিশালী অধিনায়ক। সে নিজেই তাঁর সিদ্ধান্ত নেয়। আমরা তাকে উপদেশ দেই, কিন্তু তার কাজে বাধা দেই না। সবাই ভুল করে, ভুল থেকে শিক্ষা নেয়া উচিত। সফল অধিনায়ক হওয়ার জন্য তার আমাদের সমর্থন দরকার।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »