নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সাউদহ্যাম্পটনের রোজ বোলে সিরিজের দ্বিতীয় টি-২০ তে আজ মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে নাটকীয় ২ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংলিশরা।
তবে ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন কি ফিঞ্চ? ১৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১ ওভারেই স্কোর বোর্ডে ১ উইকেটে ৯৮ রান! শেষ ৫ ওভারে দরকার ৩৫ রান হাতে ৯ উইকেট। এমন ম্যাচে পরাজয় বরণ করা নাটকের চেয়ে যেনো কম নয়! ইংল্যান্ডের দূর্দান্ত বোলিংয়ে নাটকীয় এক জয় পায় ইংলিশরা। তবে ফিঞ্চের ভাষ্যমতে ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা।
এক বার্তায় ফিঞ্চ বলেন, ‘আমরা জানতাম, ইংল্যান্ড প্রবলভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তারা খুব ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করেছে। ১২ থেকে ১৮ ওভার পর্যন্ত আমরা বাউন্ডারি আদায় করতে ধুঁকেছি। এবারই প্রথমবার এরকম হলো না। এটা নিয়ে আমরা কাজ করছি। যতক্ষণ পর্যন্ত ছেলেরা শিখছে এবং উন্নতি করছে… শিক্ষা এবারও হয়েছে।’
ফিঞ্চ, ওয়ার্নাররা রান পেলেও এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ম্যাক্সওয়েল, এলেক্স ক্যারিরা। হয়তো প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়েই মাঠে নামতে পারেন অজিরা। দলে পরিবর্তন বলতে মার্কাস স্টোয়েনিসের বদলী হিসেবে সুযোগ হতে পারে বিগ ব্যাশে দুর্দান্ত খেলা অলরাউন্ডার মিচেল মার্শের। অপরদিকে ম্যাচ জয়ে উজ্জীবিত ইংলিশরা প্রথম ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে।
ইংল্যান্ডের সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় ম্যাচ জয়ে সিরিজ নিশ্চিত করা। অপরদিকে অকল্পনীয় হারে মানসিক ভাবে পিছিয়ে থাকা অজিদের সামনে আবারো সুযোগ নিজেদের সামর্থ্যের যোগান দিয়ে সিরিজে সমতায় ফেরার। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটে মুখোমুখি হবে দু’দল।
নিউজক্রিকেট/এইচএএম
