নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) কে সামনে রেখে নিজেদের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে ফেরার আগেই চেন্নাই শিবিরে এলো বড় দুঃসংবাদ। করোনার হানায় পুরো দলকেই আবারো থাকতে হবে কোয়ারেন্টাইনে। করোনা টেস্টে পজিটিভ হয়েছেন চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন সদস্য। তবে কোনো খেলোয়াড় আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়ে চেন্নাইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি।
আসন্ন আইপিএলকে সামনে রেখে দুবাইতে আজ থেকে চেন্নাইয়ের অনুশীলনের কথা থাকলেও করোনা আক্রান্তের এমন দুঃসংবাদে আবারো বাড়ছে কোয়ারেন্টাইনের সময়। যার দরুন অন্যান্য দলের মতো এখনই অনুশীলনে নামতে পারছেন না মহেন্দ্র সিং ধোনীর দল।
দুবাইতে পৌঁছানোর পরই নিয়মনুযায়ী করা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন টিমের বেশ কিছু সদস্য। আর এতেই আরো সাত দিনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে চেন্নাইয়ের জন্য। ‘টাইমস অব ইন্ডিয়ার’ এক প্রতিবেদনে এ সকল তথ্য জানা যায়। এ প্রসঙ্গে সূত্রটি জানায়, ‘এমনকি যখন ইউরোপে ফুটবল শুরু হয় সেখানেও কিছু খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছিল। সুতরাং আটটি আইপিএল দল, সবমিলিয়ে ১ হাজারের বেশি সদস্য, এরকম একটা সম্ভাবনা থাকবেই। এটা যে কোন সময়ই ঘটতে পারে। দুর্ভাগ্য যে সবকিছু ঠিকঠাক পালন করার পরও চেন্নাই সুপার কিংসেই আঘাতটা এসেছে।’
বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী চেন্নাইয়ের প্রায় ১০ জন করোনা পজিটিভ হয়েছেন। এমনকি এর মধ্যে একজন খেলোয়াড়ও আছেন বলে জানা গেছে। তবে নির্দিষ্ট করে কারো নাম প্রকাশ করেনি চেন্নাই কর্তৃপক্ষ।
নিউজক্রিকেট/এইচএএম
