দ্বিতীয় টেস্ট থেকেই সাকিব খেলবে : পাপন

নিউজ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাণভোমরা সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা প্রায় শেষের দিকে। অক্টোবরের ৩০ তারিখ থেকে ব্যাট বল হাতে আবারো বাইশ গজে দাপিয়ে বেড়াতে পারবেন বিশ্বসেরা তারকা। শুধু সাকিব না করোনা কে পিছনে ফেলে মাঠে ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলও। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল । সাকিব যখন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবে বাংলাদেশ দল তখন থাকবে লঙ্কা দ্বীপে। বিসিবি চাইছে লঙ্কা সিরিজের ২য় টেস্ট থেকেই যেন মাঠের ক্রিকেটে ফেরাতে পারে দলের সেরা তারকাকে।

ভারতীয় জুয়াড়ীর ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়ে তা আইসিসিকে না জানানোর কারণে ১ বছরের শাস্তি পেতে হয়েছে সাকিব আল হাসানকে। শাস্তি হিসেবে সাকিবকে দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষের দিকে। অক্টোবরের ২৯ তারিখ শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুইদিন পরই শ্রীলঙ্কায় শুরু হওয়া ২য় টেস্টেই সাকিবকে খেলাতে চায় বিসিবি । সাকিবকে ২য় টেস্টই পাবেন বলে আশা ব্যক্ত করেন নাজমুল হাসান পাপন ।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যাবে ২৪ সেপ্টেম্বর। এই সময়ে নিষেধাজ্ঞায় থাকবেন বলে দলের সাথে শ্রীলঙ্কায় যেতে পারবেন না সাকিব, এমনকি অনুশীলনও করতে হবে আলাদা। তবে নিষেধাজ্ঞা ফুরিয়ে গেলে দলে ফিরতে কোনো বাধা নেই। তাই নভেম্বরের শুরুতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই খেলতে পারবেন তিনি। গণমাধ্যমের সাথে আলাপকালে  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘দ্বিতীয় টেস্ট থেকেই সে খেলতে পারবে। এ মাসের শেষের দিকে সাকিব দেশে আসবে। অনুশীলনের জন্য সে বিকেএসপিকে বেছে নিয়েছে। দলের সঙ্গে অনুশীলন করতে না পারলেও আমাদের কোনো কোচ আলাদাভাবে ওর সঙ্গে কাজ করতে পারবে।’

পাপন আরো বলেন, ‘শ্রীলঙ্কায় সাকিব দলের সঙ্গে যেতে পারবে না। তবে আমরা চেষ্টা করব ওকে দ্বিতীয় টেস্টের ১০-১২ দিন আগে নিয়ে যেতে। ২৯ তারিখের আগ পর্যন্ত ওখানে আলাদা থেকেই অনুশীলন করল, কিন্তু আমাদের কোচরা তো দেখতে পাবে ওর কী অবস্থা। তারা প্রয়োজনে তাকে এককভাবে অনুশীলন করাতে পারবে। এগুলো ঠিকঠাকভাবে হলে অবশ্যই সাকিব দ্বিতীয় টেস্টে খেলবে।’

সাকিব সর্বশেষ ম্যাচ খেলেছেন গতবছর আফগানিস্তানের বিপক্ষে। এরপর আর মাঠের ক্রিকেট তো পরে অনুশীলনেও দেখা যায়নি তাকে। সাকিব এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এই মাসের শেষের দিকে দেশে ফিরে বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন বলে জানা গেছে।

নিউজ ক্রিকেট২৪/সুফিয়ান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »