করোনায় দিনমজুর বনে গেলেন ভারতীয় অধিনায়ক

নিউজ ডেস্ক »

মহামারী করোনা যেমন স্তব্ধ করে দিয়েছে পুরো বিশ্বকে, তেমনি করোনার থাবা থেকে মুক্তি পায়নি ক্রিকেট অঙ্গনও। ক্রিকেট অঙ্গনে করোনা কতোটা কালো থাবা দিয়েছে তার বড় নজির ভারতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাজেন্দ্র সিং ধামি।জীবিকা নির্বাহের তাগিদে ব্যাট বল ছেড়ে দিনমজুরের কাজে হাত দিতে হয়েছে সাবেক এই ভারতীয় ক্রিকেটারকে ।

উত্তরখন্ডের পিথোরাগড় জেলায় বাস করা ধামির শরীরের ৯০ শতাংশই প্যারালাইসিসের কারণে কাজ করে না। ক্রিকেট খেলা বন্ধ থাকায় পেট চালানোই দায় হয়ে পড়েছে তাঁর। সেকারণে স্থানীয় একটি উন্নয়ন প্রকল্পে পাথর ভাঙার কাজ করছেন ধামি। আই এন এস কে নিজের এই করুন অবস্থার কথা জানিয়েছেন ধামি নিজেই।করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই জীবিকার জন্য লড়াই করতে হচ্ছে বলে জানান তিনি।তিনি বলেন, ‘মার্চে কোভিড-১৯ লকাডাউন কার্যকর হওয়ার পর আমি রুদ্রপুরে অনুশীলন করছিলাম। এরপর নিজ গ্রাম রায়কোটে ফিরে আসি। ভেবেছিলাম লকডাউনটা অল্প কদিনের জন্য। কিন্তু এটা দীর্ঘ হয়। তখন থেকেই আমার পরিবারে সমস্যার সূত্রপাত।’

ধামি ছাড়াও পরিবারে উপার্জনকারী ব্যক্তি বলতে ছিলেন তাঁর ভাই এবং ষাটোর্ধ্ব বয়সী দিনমজুর বাবা। কিন্তু করোনাভাইরাসের কারণে সব বন্ধ থাকায় তাঁরাও এখন কর্মহীন। শেষমেশ বাধ্য হয়েই পাথর ভাঙার কাজ শুরু করেছেন এই ক্রিকেটার।ধামি আরো জানান, ‘আমার এক ভাই একটি হোটেলে কাজ করতো। লকডাউনের কারণে তাকেও বাড়িতে ফিরে আসতে হয়। আমার ষাটোর্ধ্ব বয়সী বাবার পক্ষে দিনমজুরের কাজ করা সম্ভব নয়। এ কারণেই আমি কাজটা নিয়েছি।’

এই অবস্থায় ধামি সরকারের কাছে সহায়তার চেয়েছেন। যোগ্যতা অনুযায়ী একটি চাকরি প্রত্যাশা করছেন তিনি। সরকারের কাছে অনুরোধ জানিয়ে ধামি বলেন, ‘একটা টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। করোনার কারণে সেটি স্থগিত হয়ে গেছে। আমি সরকারের কাছে আর্জি জানাচ্ছি আমার যোগ্যতা অনুসারে একটা চাকরির ব্যবস্থা করে দিতে।’

নিউজ ক্রিকেট ২৪/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »