নিউজ ডেস্ক »
ওলি পোপ ইংলিশ ব্যাটিং লাইন আপের এক স্তম্ভের নাম। সম্প্রতি চলাকালীন টেস্টে খেলেছেন দারুণ এক ইনিংস। আর এতেই ভবিষ্যৎতে তার মাঝে তারকা ক্রিকেটারের ছায়া দেখছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক মনে করেন রুটের পরে ইংল্যান্ড দলে আসা তরুণ এই উইকেট রক্ষক ব্যাটসম্যান সবচেয়ে প্রতিভাবান।
২০১৮ সালে অভিষেক হয় পোপের তবে সেই যাত্রাই ভালো খেলতে না পারাই বাদ পড়েন দল থেকে। এরপর বছর খানেক দলের বাইরে ছিলেন পোপ তারপর দলে ফিরে আফ্রিকার বিপক্ষে করেন সেঞ্চুরি। চলতি টেস্ট সিরিজেও খেলেছেন দারুণ ইনিংস। প্রথম দুই টেস্টে রানের দেখা না পেলেও, তৃতীয় টেস্টে নিজের রূপ চিনিয়েছেন পোপ। প্রথম ইনিংসে দলের কান্ডারি হয়ে খেলেছেন ৯১ রানের দারুণ এক ইনিংস। এই ইনিংস দেখার পরই পোপকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন ভন।
বিবিসিকে দেওয়া এক বার্তায় ভন বলেন,“জো রুটের পর ইংল্যান্ড দলে আমার চোখে দেখা সেরা তরুণ ক্রিকেটার অলি পোপ। কয়েক বছর আগেই সে দলে এসেছিলো তবে তখন সে মানসিকভাবে পিঁছিয়ে ছিলো। তার খেলার মান সম্ভবত ঠিকই ছিল, কিন্তু টেস্ট ক্রিকেটের আবহ এবং স্পটলাইটে মানিয়ে নিতে সে প্রস্তুত ছিল না।”
ইংল্যান্ডের অন্যতম সফল অধিনায়ক ভনের প্রশংসা পেয়ে দারুণ উচ্ছ্বসিত পোপ। একই সঙ্গে পেয়েছেন মন চাঙ্গা রাখার টোটকা। এ বিষয়ে পোপ বলেন, ”এটা অনেক বড় প্রাপ্তি আমার কাছে, এটাকে মোটেও চাপ হিসাবে নয়, বরং ইতিবাচক হিসেবেই দেখছি আমি। নিজের সম্পর্কে এমন ভালো কিছু শোনা দারুণ ব্যাপার। আশা করি, আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবো।”
নিউজক্রিকেট/ এসএস
