নিউজ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসানের বাবা জনাব খন্দকার মাশরুর রেজা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গতকাল (শনিবার) জ্বর-জ্বর বোধ করায় সতর্কতা অবলম্বনের জন্য করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। আজ (১৯ জুলাই) পরিক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ বলে জানা যায়। রিপোর্ট পাওয়ার পরপরই তিনি হোম কোয়ারেন্টিনে চলে যান। তবে আশার কথা হচ্ছে উনার শারিরিক অবস্থা এখনো ভাল, তাই বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।
পারিবারিক সুত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা জনাব মাশরুর রেজা নিয়মিত অফিস করতেন। তবে সেই ব্যাংকে আরো আগে ৫-৬ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছিল। সাকিবের পরিবারের ধারণা, সেখান থেকেই হয়ত তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাছাড়া সাকিব আল হাসানের মায়েরও নমুনা দেওয়া হয় করোনা পরিক্ষার জন্য। তবে উনার রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।
বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকেই আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সাকিব আল হাসান। করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্য দিয়ে যাচ্ছেন তার নিজের গড়া ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন’ থেকে। তাছাড়া নিজের প্রিয় ব্যাট নিলাম করেও দুস্থদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সাকিব আল হাসান সদ্য পৃথিবীতে আগত কন্যা সন্তানের পাশে থাকতে আমেরিকায় অবস্থান করছেন। তবে তার বাবা জনাব মাশরুর রেজা মাগুরাতে করোনাতে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে খুবই সক্রিয় ছিলেন। স্বশরীরে উপস্থিত থেকে দুঃস্থদের সহায়তা দান করেছেন।
নিউজক্রিকেট/ এমএস
