বিদেশে ভালো করার জন্য মুশফিকের বিশেষ পরামর্শ

নিউজ ডেস্ক »

কিছুদিন আগেই ইউটিউবে চ্যানেল খুলেছেন মুশফিকুর রহিম । ভক্ত এবং তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেওয়ার জন্যই তার এই উদ্যোগ। উদ্দেশ্য সফল করার জন্য কাজও শুরু করে দিয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় জানিয়েছেন কিভাবে বিদেশের মাটিতে ভালো করতে হবে।

বিদেশের উইকেটে ভালো ব্যাটিং করতে হলে গ্রানাইটের উইকেটে ব্যাটিং করে উপকার পাওয়া যায়- এমনটা জানিয়েছেন মুশফিক। প্রায় চার মিনিটের সেই ভিডিওতে দেখা যায়, গ্রানাইটের উইকেটে মাঠের চারপাশে আগ্রাসী সব শট খেলছেন মুশফিক। ভিডিওর ক্যাপশনে মুশফিক লেখেন, ‘অনেক জায়গায় সাক্ষাৎকারে আমি নেট সেশনে গ্রানাইটের ওপর ব্যাটিংয়ের উপকারের কথা বলেছি। ভাবলাম এ ব্যাপারে আপনাদের সাথেও শেয়ার করি।গ্রানাইটে ব্যাটিং করার অভিজ্ঞতা দেশের বাইরে খেলতে গেলে দারুণ কাজে দেয়। আমার ইউটিউব চ্যানেলে অনুশীলনটা দেখতে পারেন।’

করোনায় কঠিন সময় কাটলেও ঘরে বসে নেই বাংলাদেশের এই ক্রিকেটার । শুরু থেকেই ছিলেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। ত্রাণ দিয়েছেন অসচ্চলদের মাঝে। নিজের প্রিয় ব্যাট নিলামে বিক্রি করে তার টাকাও দিয়েছেন গরীবদেরকে বিলিয়ে। কিছুদিন আগেই নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন MR Foundation । ফাউন্ডেশনের লোগো বানিয়েছেন প্রতিযোগিতার মাধ্যমে।

বেশ কয়েকদিন হলো নিজ উদ্যোগে অনুশীলনেও নেমেছেন মুশফিক। একাই চালিয়ে যাচ্ছেন অনুশীলন।শুরুতে ঘরেই চালিয়ে যাচ্ছিলেন নিজের ফিটনেস অনুশীলন। পরে বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে অনুশীলন করতে দেখা যায় মুশফিককে।

এবার অলস সময়কে পার করার জন্য ভক্তদের জন্য ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা করলেন দেশের সবথেকে পরিশ্রমী এই ক্রিকেটার। সেখানে ভক্তদেরকে ভিডিও এর মাধ্যমে দিবেন বিভিন্ন টিপস। আর সেই উদ্দেশ্যের প্রথম ধাপ শুরুও করেছেন।

নিউজক্রিকেট/সুফিয়ান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »