নিউজ ডেস্ক »
২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে ১.৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ইনজুরির কারণে সে আসরে খেলা হয়নি স্টার্কের।
অস্ট্রেলিয়ার এই পেসার ইনজুরিতে পড়ার আগেই আইপিএল চুক্তির বীমা করিয়ে রেখেছিলেন। অর্থাৎ যদি ইনজুরির কারণে স্টার্ক আইপিএল খেলতে না পারেন তাহলে চুক্তির পুরো অর্থ দেবে বীমাকারী প্রতিষ্ঠান।
সেই হিসেব অনুযায়ী ১.৫৩ মিলিয়ন মার্কিন ডলার পাওয়ার কথা অস্ট্রেলিয়ান এই পেসারের। কিন্তু এখন বীমার সেই অর্থ দিচ্ছে না প্রতিষ্ঠানটি। স্টার্কের চোট নিয়ে তারা সন্দিহান।।
নিজের পাওনা টাকা না পাওয়ায় মিচেল স্টার্ক গত বছর এপ্রিলে বীমাকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন। এবার সেটার প্রমাণ হিসেবে ফক্স স্পোর্টসের দুটি ভিডিও ফুটেজ জমা দিয়েছেন তিনি এবং ভিডিও গুলোতে স্টার্কের চোটের প্রমাণ রয়েছে।
চুক্তির নিয়মানুসারে অপ্রত্যাশিত ভাবে ইনজুরিতে পড়লে তখনই চুক্তির টাকা পাবেন স্টার্ক। কিন্তু বীমা সংস্থা দাবি করছে স্টার্কের এই চোট পুরনো।।আর পুরনো চোট আইপিএলের সময়ে বড় আকার ধারণ করেছে।
বীমা প্রতিষ্ঠানের স্টার্কের ভিডিও হাতে পেলেও বিশ্লেষণ করার সময় পায়নি তারা। আগামী ১২ আগস্ট স্টার্কের করা বীমাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
