নিউজ ডেস্ক »
নিষেধাজ্ঞায় মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।অবশ্য করোনা মহামারীতে প্রায় তিন মাসের বেশি সময় ধরে বন্ধ আছে ক্রিকেট। তবে মাঠের বাইরে থাকলেও ক্রিকেট নিয়ে আলোচনা করছেন বিভিন্ন অনলাইন মাধ্যম গুলোতে। কোচদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হলে তাদের পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রাখা উচিত খেলোয়াড়দের, আর এমনটাই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন।
করোনার প্রকোপে খেলোয়াড়দের সুবিধার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। এই প্রতিষ্ঠান থেকেই উঠে এসেছেন বর্তমানে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব।
সম্প্রতি নিজের প্রাক্তন শিক্ষক নাজমুল আবেদিন ফাহিম, আসাদুল তুলতুল এবং ইমরুল হাসানসহ আরো অনেকের সঙ্গে একটি অনলাইন মিটিংয়ে অংশ নেন সাকিব। সেখানে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়ে কথা বলেন তিনি।
মিটিংয় চলাকালীন এক পর্যায়ে অভিজ্ঞ কোচ ফাহিম সাকিব উদ্দেশ্য করে বলেন, ‘কোচ-খেলোয়াড় সম্পর্কে কি ধরণের পরিবর্তন দরকার? খেলোয়াড়রা আমাদের কাছ থেকে কি আশা করে?’
এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমার মনে হয় দুনিয়ায় সবারই ভালো লাগা, খারাপ লাগা থাকে।এটা স্বাভাবিক বিষয়। এটা যেন সব ছাত্ররা বুঝতে পারে। এই ব্যাপারটি হয়তো বেশ হালকা মনে হতে পারে কিন্তু এর প্রভাব আসলে অনেক বড়। একজন খেলোয়াড়ের জন্য যখন সে মনে করে যে আমাকে পছন্দ করে কিংবা করে না।এই জায়গাটায় যতটা সম্ভব নিরপেক্ষ থাকা যায় ততটাই ভালো।’
খেলোয়াড় এবং কোচদের মধ্যে সুসম্পর্ক খেলার মাঠে কিংবা মাঠের বাইরে নিজেদের মধ্যে ব্যবধান দূর করে। কোচদের থেকে অনেক জিনিসই জানা যায়। কোচদের ভালো লাগা খারাপ লাগার বিষয়টি খেয়াল রাখলে তারাও খেলোয়াড়দের প্রতি আরো দায়িত্বশীল হন।
নিউজক্রিকেট/এইচএএম
