নিউজ ডেস্ক »
সম্প্রতি ২০১১ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কান সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিনদানান্দা অতুলগামাগে। তার দাবি ইচ্ছে করেই ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা। এবার নতুন করে বোমা ফাটিয়েছেন তিনি। সরাসরি প্রশ্ন তুলেছেন বোর্ড কর্তাদের বিরুদ্ধে।
ইতিমধ্যেই ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির কাছে অভিযোগ করেছেন অতুলগামাগে। লঙ্কান দলের কোনো ক্রিকেটার এর সাথে জড়িত না বলে জানান তিনি। কিন্তু বোর্ডের সে সময়কার কয়েকজন কর্তার দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়েছেন মাহিনদানান্দা। তিনি জানতে চান কিভাবে ফাইনালে সেই হারের পর কিছু ক্রিকেট কর্মকর্তা মাত্র এক বছরের ভেতর গাড়ির কোম্পানি কিনে নিয়ে ব্যবসায় শুরু করে দিয়েছিলেন।
ডেইলি মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে অতুলগামাগে বলেন, ‘কিছু নির্দিষ্ট ক্রিকেট কর্মকর্তা কীভাবে অভিযোগ করা হয়েছে তা খুঁজে বের করার জন্য তদন্ত করার দাবি করেছেন। আমি তাদের কাছে জানতে চাই তাঁরা কিভাবে ম্যাচটি হেরে যাবার এক বছরের মধ্যে গাড়ি সংস্থা কিনে নতুন ব্যবসা শুরু করে দিলেন।’
এছাড়াও তিনি দাবি করেন ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচের আগে দলে প্রশ্নবিদ্ধ কিছু পরিবর্তন আনা হয়েছিল। যেগুলো কিনা একদমই দরকার ছিল না।
এ বিষয়ে তিনি আরো বলেন, ‘যে দলটি ফাইনাল ম্যাচ খেলেছে, সে দলটি আমরা নির্বাচন করেছিলাম, চূড়ান্ত করেছিলাম। কিন্তু শেষ মুহুর্তে কারো কোন পরামর্শ ছাড়াই চারজন নতুন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার প্রশ্ন হল কীভাবে চারজন খেলোয়াড় যথাযথ অনুমোদন এবং পরামর্শ ছাড়াই প্রতিস্থাপন সম্ভব? দলের বাকি সদস্যদের তুলনায় নতুন খেলোয়াড় অনভিজ্ঞ ছিলেন।’
অতুলগামাগে মাহেলা জয়াবর্ধন এবং কুমার সাঙ্গাকারার উদ্দেশ্যে বলেন, ‘মহেলা বলেছে যে সার্কাস শুরু হয়েছে। আমি বুঝতে পারছি না যে সাঙ্গা এবং মাহেলা কেন এ সম্পর্কে এত বাড়াবাড়ি করছে? আমি আমাদের কোনও খেলোয়াড়ের কথা উল্লেখ করছি না। প্রত্যেকে আধা ঘন্টার সাক্ষাত্কারের মাত্র দুই মিনিটের কথা বলছি যা আমি একটি টিভি চ্যানেলকে দিয়েছি। এমনকি অর্জুনা রানাতুঙ্গা এর আগেও ম্যাচ ফিক্সিংয়ের বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।’
