বিশ্বকাপ পেছালে লাভ বাংলাদেশেরঃ ডমিঙ্গো

নিউজ ডেস্ক »

করোনা ভাইরাসের কারণে এখন সব ধরণের ক্রিকেটীয় ইভেন্ট স্থগিত ৷ মাঠে নেই অনুশীলন। খেলোয়াড়রা যে যার পরিবারের সাথে সময় পার করছেন। কোচদের বেলায়ও একই জিনিস। বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো চলে গেছেন তার নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। তিনিও তার পরিবারের সাথে সময় পার করছেন।

ক্রিকেট কবে মাঠে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে খেলোয়াড়রা নিজ নিজ বাড়িয়ে তাদের ফিটনেস নিয়ে কাজ করছেন। হেড কোচ ডমিঙ্গো নিয়মিত তার শিষ্যদের খোঁজ খবর রাখছেন মুঠোফোনের মাধ্যমে। এই সব ব্যাপার নিয়ে ডমিঙ্গো কথা বলেছেন দেশের শীর্ষ সংবাদ মাধ্যম আরটিভির সাথে।

আরটিভিকে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি সব খেলোয়াড়দের নিজের ফিটনেস নিয়ে সবসময় কাজ করা উচিৎ। প্রায় বিভিন্ন সময় খেলোয়াড়দের দেখি তারা তাদের শরীর নিয়ে চর্চা করছে। লকডাউনেও তাদের উচিৎ এসব করা। তাদের ফিটনেস ধরে রাখা প্রয়োজন।’

করোনায় এখন মাঠে ক্রিকেট না থাকলেও খেলোয়াড়রা সুযোগ পেয়েছেন তাদের পরিবারের সাথে সময় কাটানোর। এই ব্যাপারটি তাদের মানসিক ভাবে ভালো রাখবে বলে মনে করেন ডমিঙ্গো। তিনি বলেন, ‘খেলোয়াড়রা এখন নিজেদের পরিবারকে সময় দিতে পারছে। এটি একটি ভালো দিক। খেলোয়াড়দের মানসিক ভাবে ভালো থাকাও প্রয়োজন। তাদের এই বিরতি মানসিক ভাবে সাহায্য করবে। কিন্তু এটি বেশি হয়ে গেলে সমস্যা।’

গেল মাসে জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে শেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ। ক্যাপ্টেন হিসেবে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন মাশরাফি। তার পর ওয়ানডে দলের দায়িত্ব উঠে ওপেনার তামিম ইকবালের উপর। ওপেনিং ব্যাটসম্যান হয়ে ক্যাপ্টেন্সি কঠিন হয়ে যাবে কিনা তামিমের জাননতে চাইলে ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করিনা তামিমের এটা সমস্যা হবে। বিশ্বের অনেক খেলোয়াড় আছে যারা ক্যাপ্টেন্সি করে ওপেনিংয়ে ব্যাট করে। আফ্রিকার গ্রেইম স্মিথ ১২ বছর ওপেনার হিসেবেই ক্যাপ্টেন্সি করেছে। এলেস্টার কুকও ওপেনার এবং একইসাথে ক্যাপ্টেন ছিল । সুতরাং এতে সমস্যা হবেনা আমি মনে করি।’

এইদিকে এইবছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা হবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে না হলে কিংবা পেছালে বাংলাদেশের লাভ বলে মনে করেন ডমিঙ্গো। কারণ বিশ্বকাপ পেছালেই সাকিব বিশ্বকাপে খেলতে পারবে। তিনি বলেন, ‘আমি মনে করি এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব না। আর বিশ্বকাপ পেছালেই বাংলাদেশের লাভ। বাংলাদেশের প্রিমিয়াম অলরাউন্ডার সাকিব খেলতে পারবে। সাকিব থাকলে আমাদের দলের অনেক উন্নতি হবে। মানসিক ভাবে আমরা ভালো অবস্থায় থাকবো। সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

সময়ঃ ১১:১০ পি এম
নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »