বেঙ্গালুরু ছাড়ছেন না কিং কোহলি!

নিউজ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একদম শুরুর আসর থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন বিরাট কোহলি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপ জিতিয়েই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নাম লেখান কোহলি। এরপর টানা নয় মৌসুম ধরে এই দলের জার্সি গায়ে জড়িয়েই খেলে যাচ্ছেন তিনি।

এখন পর্যন্ত নিজের দলকে কোনো শিরোপা এনে দিতে পারেননি ভারতের হয়ে বিশ্বকাপসহ অনেক শিরোপা জেতা কোহলি। তবে ভারতীয় অধিনায়ক কোহলি জানিয়েছেন, যতদিন আইপিএল খেলবেন, কেবল বেঙ্গালুরুর হয়েই খেলতে চান তিনি। আর নিজের দলকে এনে দিতে চান অধরা শিরোপা।

দিন কয়েক আগে বেঙ্গালুরু নিজেদের ইনস্টাগ্রাম পেজে কোহলির অভিষেকের একটি ছবি দিয়েছিল। আর সেই ছবিই স্মৃতিকাতর করে দিয়েছে বিরাটকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কোহলি লাইভ চ্যাটে আড্ডা দিয়েছেন আরেক বেঙ্গালুরুর সতীর্থ দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে।

সেই আড্ডায় কোহলি বলেন, ‘২০০৮ সালে যেদিন প্রথম বেঙ্গালুরুর হয়ে খেলেছিলাম ওই ছবিটা গত সপ্তাহে ইনস্টাগ্রামে দিয়েছিল তারা। আর এখন ২০২০ সাল। এতটা দিন ধরে খেলে যাচ্ছি এই ক্লাবে। সত্যি এটা একটা অসাধারণ অনুভূতি। আমরা এক সঙ্গে খেলে আমাদের দলকে ট্রফি এনে দেব, এটাই আমাদের স্বপ্ন।’

বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি আরও বলেন, ‘যদিও তিনবার (২০০৯, ২০১১ ও ২০১৬) আমরা খুব কাছে গিয়েও শিরোপা জয় করতে পারিনি। কিন্তু আমি যতদিন আইপিএল খেলবো এই দলটাকে ছাড়ব না। কারণ এই দলের ভালোবাসা এবং বিশ্বস্ততা একদম অসাধারণ।’

বাংলাদেশ সময়: ১২:২০ পিএম

নিউজক্রিকেট/ডিডিজি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »