সাকিব শাওন »
বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেনের কথা মনে আছে? অবশ্য মনে না থাকার কোন কারণ নেই। ইঞ্জুরির কারণে ক্যারিয়ারের প্রায়ভাগ সময়ই কাটিয়েছেন মাঠের বাইরে। ২০০৪-০০৫ সালের দিকে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মত শক্তিধর দলের বিপক্ষে
টাইগাররা পায় প্রথম জয়ের স্বাদ। সেই ম্যাচগুলোতে ৯০ নাম্বার জার্সি পরিধান করে প্রতিপক্ষের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের চোখে চোখ রাঙিয়ে লড়ছেন নাজমুল হোসেন।
করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর কারণে মাঠের ক্রিকেটার থেকে শুরু কোচিং স্টাফরা সবাই এখন ঘরবন্দী অবস্থায় রয়েছেন। আর এই অবসর সময়টাতে নিউজ ক্রিকেট ২৪ ডটকমের প্রতিবেদক সাকিব শাওনের সাথে নিজের বর্তমান কোচিং ক্যারিয়ার, ক্রিকেটের বিভিন্ন দিক এবং সাথে বিদায়ের গল্প বলেছেন সাবেক পেসার নাজমুল হোসেন।
নিউজ ক্রিকেটঃ কোয়ারেন্টাইনের সময়ে কি
করছেন?
নাজমুল হোসেনঃ বাসাতেই থাকছি, পরিবারকে সময় দিচ্ছি। এলাকার অনেক তরুণ ক্রিকেটারকে ফোনেই সব দিক নির্দেশনা দিচ্ছি।
নিউজ ক্রিকেটঃ ঘরবন্দী অবস্থায় নিজের ফিটনেস নিয়ে কি কাজ করছেন?
নাজমুল হোসেনঃ আসলে আমাদের বাসার জায়গা টা অনেক বড় সুতরাং বাসার মধ্যেই দৌড়াদৌড়ি করছি। অনেক সময় ছাদে গিয়ে শারীরিক কিছু ব্যায়াম আছে সেগুলো করছি। যতটুকু সম্ভব বাসায় থেকে নিজেকে ফিট রাখার ঠিক ততটুকুই করছি। সাথে খাওয়া-দাওয়ার বিষয়েও যথেষ্ট সচেতনতা মেনে চলছি।
নিউজ ক্রিকেটঃ ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন এক বছর হলো। এই সময়ে কোচিং ক্যারিয়ার কেমন উপভোগ করছেন?
নাজমুল হোসেনঃ ক্যারিয়ারে নিজের খেলা ম্যাচের অভিজ্ঞতা দিয়ে সবাইকে শেখানোর চেষ্টা করছি। সবমিলিয়ে ভালো সময় যাচ্ছে। তরুণ ক্রিকেটার যারা আসছে তাদের নিয়ে কাজ করছি আর এই কোচিং প্রদান করাটা খুবই উপভোগ করছি আমি।

নিউজ ক্রিকেটঃ ভবিষৎতে বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার কোন ইচ্ছা আছে কি?
নাজমুল হোসেনঃ হ্যাঁ অবশ্যই বোলিং কোচ হওয়ার পরিকল্পনা আছে। নিজেকে আমি সেই ভাবেই তৈরী করছি যাতে করে ভবিষৎতে কোচ হিসেবে বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারি।
নিউজ ক্রিকেটঃ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এ দিকটায় কোন আক্ষেপ বা হতাশা আছে কি?
নাজমুল হোসেনঃ আক্ষেপ বলতে মানুষের কিন্তু চাহিদার শেষ নেই। তবে আরো তিন চার বছর খেলতে পারলে ভালো হতো, নিজের ক্যারিয়ারটা আরো সমৃদ্ধ হতো।
নিউজ ক্রিকেটঃ জাতীয় দলের ড্রেসিং রুম কতটা মিস করেন?
নাজমুল হোসেনঃ অবশ্যই অনেক মিস করি। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক আল্লাহর রহমতে সবার সাথেই খেলার সৌভাগ্য হয়েছে আমার। তাদের সাথেই ড্রেসিং রুমের সময়টা বেশি কাটানো হতো। সেটা অনেক মিস করি।

নিউজ ক্রিকেটঃ আপনার খেলা ক্যারিয়ারের সেরা ম্যাচ কোনটি?
নাজমুল হোসেনঃ অনেক ম্যাচ’ই আছে। তখন আমি খুবই তরুণ ছিলাম ২০০৪ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতকে হারানো ম্যাচটি আমার সেরা ম্যাচ। এছাড়া ২০০৫ কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচটাও প্রিয়।
নিউজ ক্রিকেটঃ ক্যারিয়ারে উইকেট নিয়েছেন অনেক তবে তার মধ্যে সেরা উইকেট মনে করেন কোনটি?
নাজমুল হোসেনঃ হ্যাঁ অনেক ভালো ব্যাটসম্যানকে আউট করেছি। তবে এর মধ্যে সেরা উইকেট বলতে হলে আমি বলবো শচীন টেন্ডুলকারের উইকেটের কথা।
নিউজ ক্রিকেটঃ দেশের মধ্যে আপনার পছন্দের ক্রিকেটার কে?
নাজমুল হোসেনঃ সত্যি বলতে আমার কাছে দেশের মধ্যে সবচেয়ে পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান।
নিউজ ক্রিকেটঃ আপনার পেস বোলিংয়ে আইডল কাকে মানেন দেশ এবং দেশের বাইরে?
নাজমুল হোসেনঃ দেশের মধ্যে অবশ্যই মাশরাফি ভাইকে আইডল মনে করি কারণ যখন প্রথম তিনি আন্তজার্তিক ক্রিকেটে আসেন তখন ব্যাটসম্যানদের জন্য খুবই বিপদজনক ছিলেন। দেশের বাইরে বলতে গেলে নিউজিল্যান্ডের শেন বন্ডকে খুবই ভালো লাগতো আমার।
নিউজ ক্রিকেটঃ নতুন যেসব পেসার ক্রিকেটে আসছে তাদের উদ্দেশ্যে কি বলবেন?
নাজমুল হোসেনঃ বোলিং নিয়ে অনেক কাজ করতে হবে। ঘরোয়া ক্রিকেট অনেক বেশি খেলতে হবে, সর্বোপরি সবসময় ম্যাচ খেলার মধ্যে থাকতে হবে। আর যাদের টেকনিকে সমস্যা আছে তাদের উচিত টেকনিকের উপর কাজ করা। এই সময়ে বোলাররা যদি একটু বুদ্ধিদীপ্ত হয়ে বোলিং করে তাহলে তার ক্যারিয়ার অনেক লম্বা হবে বলে আমি মনে করি।
নিউজ ক্রিকেটঃ এমন কোন হেরে যাওয়া আক্ষেপের ম্যাচ আছে যেটা এখনো ভাবলে মন খারাপ হয়ঃ
নাজমুল হোসেনঃ হ্যাঁ অবশ্যই আছে ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি যেটা আমরা জয়ের বন্দরে গিয়েও ২ রানে হেরে গিয়েছিলাম। সেই ম্যাচের কথা এখনো ভাবলে মন খারাপ হয়।
নিউজ ক্রিকেটঃ আপনার প্রিয় কোচ কে?
নাজমুল হাসানঃ ডেভ হোয়াটমোরকে সবসময়ের জন্য পছন্দ আমার। কারণ সে সবাইকে সমান চোখেই দেখতো। সবার প্রতি সমান যত্নবান ছিল। ক্লাসের নাম্বার ওয়ান ছাত্রকে যেমন কেয়ার করতো আবার একইভাবে শেষের ছাত্রের ক্ষেত্রেও সমান কেয়ার থাকতো।
নিউজ ক্রিকেটঃ ম্যাঞ্জারুল ইসলাম রানাকে কতটা মিস করেন?
নাজমুল হাসানঃ অনেক বেশি মিস করি রানা ভাইকে। উনি আমার খুবই কাছের একজন বড় ভাই ছিলেন। যখন আমি শুনি উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তখন আমি শ্রীলঙ্কায় ছিলাম এ টিমের সাথে। খবরটি শোনার পর খুবই কষ্ট পেয়েছিলাম। আমি উনার মতো ভালো মানুষ দেখিনি কখনো।
নিউজ ক্রিকেটঃ প্রিয় ধারাভাষ্যকার?
নাজমুল হাসানঃ ড্যানি মরিসন। উনার অঙ্গভঙ্গি ও কথা বলার ধরণ খুবই ভালো লাগে আমার।
নিউজ ক্রিকেটঃ টেলিভিশন অভিনেতা হিসেবে কাকে বেশি পছন্দের?
নাজমুল হোসেনঃ আসলে সারাদিন ক্রিকেট নিয়েই বেশি কাজ করা হয় এজন্য টেলিভিশন খুব একটা দেখা হয় না। তবে আমার মোশাররফ করিম কে বেশি পছন্দ।
নিউজ ক্রিকেটঃ নিউজ ক্রিকেট ২৪ ডটকমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
নাজমুল হোসেনঃ আপনাকেও অনেক ধন্যবাদ এবং এবং একইসাথে নিউজ ক্রিকেটের সকল পাঠকদের জানাই শুভেচ্ছা।
