শোয়েব আক্তার »
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে প্রায় পাঁচ দিন হতে চললো। তবুও এর রেশ যেন কাটতেই চাইছে না। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে দেশের শীর্ষ পর্যায়ের কর্তাব্যক্তি’রা, সব জায়গায় শুধু আকবর আলিদের জয়জয়কার।
টেলিভিশন ও পত্রিকার সংবাদ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আলোচনা হচ্ছে তরুন তুর্কিদের বর্তমান ও ভবিষ্যত নিয়ে। এবার বিশ্বকাপ জয়ী যুবাদের ভবিষ্যতে করনীয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলেছেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আকবর আলী, মাহমুদুল হাসান জয়দের জাতীয় দলের ভবিষ্যৎ তারকা মনে করে তাদের যত্ন নেওয়ার আহব্বান জানিয়েছেন তিনি। জুনিয়র টাইগারদের বিশ্বকাপ জয়ে নিজের উচ্ছাস লোকন নি এই দক্ষিণ আফ্রিকান। তিনি বলেন, ‘এটি দারুণ একটি অর্জন। আমি দলের সাফল্যে খুব গর্বিত। কোচরা অনেক পরিশ্রম করেছেন আর ছেলেরা যা করে দেখিয়েছে সেটা তো অনেক বড় ব্যাপার।’
বিশ্ব চ্যাম্পিয়ন হলেও অনুর্ধ্ব-১৯ ও জাতীয় দলের পার্থক্য মনে করিয়ে দিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, ‘অনুর্ধ-১৯ এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তাদের এখনও অনেক দূর যেতে হবে। তবে অনুর্ধ্ব-১৯ দলটাকে নিয়ে ভাবতে হবে। আগামী দুই বছর খুব ভাল ভাবে কাজ করতে হবে। ঘরোয়া ক্রিকেটে তাদের অনেক ভাল খেলতে হবে।’
