শোয়েব আক্তার »
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ। টুর্নামেন্টের অপরাজিত দুই দল বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এবারের আসর। ন্যালসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকার পচেফেসট্রুমে আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় মুখোমুখি হবে দুই দল। এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ফাইনাল যাত্রা কেমন ছিল। 
’সি’ গ্রুপে থেকে টুর্নামেন্টে শুরু করেছিলেন বাংলাদেশ যুব দল। গ্রুপে বাংলাদেশের সঙ্গি হিসেবে ছিল পাকিস্তান, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৮ জানুয়ারি নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে কে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় জুনিয়র টাইগার’রা। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৩৭ রান করে জিম্বাবুয়ে অনুর্ধ্ব-১৯ দল। পরে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১৩২ রান। ১১.২ ওভারেই জয় তুলে নেয় টাইগার যুবারা। ৩৩ বলে ৫৮ রান করে প্লেয়ার অব দ্যা ম্যান পারভেজ হোসাইন ইমন।
নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচেই হ্যাট্রিক করেন বাঁহাতি ম্পিনার রকিবুল হাসান। ফলে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুুলে নেয় বাংলাদেশ। ২০ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হোন রকিবুল হাসান।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে, বৃষ্টি বাঁধায় শেষ পর্যন্ত ম্যাচটি পন্ড হয়ে যায়। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।
কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ৮০ ও শাহাদাত হোসেনের ৭৪* রানের সুবাদে ২৬১ রান সংগ্রহ করে বাংলাদেশ। আবারও বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের ঘূর্নিতে মাত্র ১৫৭ রানে গুড়িয়ে যায় স্বাগতিক’রা। ফলে ১০৪ রানের বিশাল জয়ে সেমি’র টিকিট কাটে তামিম-রকিবুল’রা। ১৯ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা রকিবুল হাসান।
সেমি-ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের হতাশা উপহার দিয়ে ফাইনাল নিশ্চিত করে মাশরাফি, সাকিবদের উত্তরসূরি’রা। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে দলকে ফাইনালে নেওয়ার নায়ক মাহমুদুল হাসান জয়। প্রথমে ব্যাট করে ২১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। পেসার শরিফুল ইসলাম ৪৫ রানে ৩ উইকেট শিকার করেন। ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে মাহমুদুল হাসান জয়ের ১২৭ বলে ১০০ রানের সুবাদে ছয় উইকেটের জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে জুনিয়র টাইগার’রা।
স্বপ্নের ফাইনালে আজ (৯ ফেব্রুয়ারি) মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। অপরদিকে পঞ্চম বারের মতো শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ভারত। শেষ পর্যন্ত কার হাতে উঠবে বিশ্বকাপ তা দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।
