বিপিএল ইতিহাসের সেরা পাঁচ অধিনায়ক!

ইমতিয়াজ চৌধুরী »

২০১২ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সপ্তম আসর শেষ হচ্ছে ১৭ই জানুয়ারী (শুক্রবার)। এই সাত আসরে ব্যাট-বলের হিসাব চুকানোর পাশাপাশি সেরা অধিনায়ক নির্বাচনও চাট্টিখানি ব্যাপার নয়। পরিসংখ্যানের ভাষায়, বিপিএল ইতিহাসের শ্রেষ্ঠ অধিনায়ক টাইগার ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

কমপক্ষে ২৫ ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে মাশরাফির নাম সবার উপরে। পরের নামটি অবশ্য সাকিব আল হাসান হলেও তালিকার বাকি তিনটি নামও পঞ্চপান্ডবের অংশ।

১. মাশরাফি বিন মর্তুজা: বিপিএলে ৮৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ৫৪ বার। হারের স্বাদ পেয়েছেন মাত্র ৩২ ম্যাচে। ঢাকা গ্ল্যাডিয়েটর্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স এবং ঢাকা প্লাটুনকে নেতৃত্ব দেওয়া মাশরাফি চ্যাম্পিয়ন শিরোপা জিতেছেন সর্বোচ্চ ৪টি। সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটিও তার দখলে। তাই বিপিএল ইতিহাসের সবচেয়ে সফলতম অধিনায়কও তিনি।

২. সাকিব আল হাসান: দ্বিতীয় স্থানে থাকা সাকিব খুলনা রয়েল বেঙ্গলস, রংপুর রাইডার্স এবং ঢাকা ডাইনামাইটস এর হয়ে অধিনায়কত্ব করেছেন সর্বমোট ৬৪ ম্যাচ। বিশ্বসেরা অলরাউন্ডারের ঝুলিতে ৩৯ জয়ের বিপরীতে হার ২৫টি।

৩. মুশফিকুর রহিম: ৭২ ম্যাচের অধিনায়ক মুশফিকের জয়-পরাজয় প্রায়ই সমান। ৩৭ জয়ের বিপরীতে রয়েছে ৩৪ হার। নেতৃত্ব দিয়েছেন বরিশাল বুলস, চিটাগাং ভাইকিংস, রাজশাহী, খুলনা রয়েলস, সিলেট সুপার স্টার্স এবং খুলনা টাইগার্স।

৪. মাহমুদউল্লাহ রিয়াদ: রিয়াদের ক্ষেত্রেও সেই একই চিত্র। ৭৬ ম্যাচে ৩৮ জয়ের বিপরীতে ৩৫টি হার নিয়ে বিপিএলের চতুর্থ সেরা অধিনায়ক তিনি। তার নেতৃত্বে খেলেছে বরিশাল বুলস, চিটাগাং কিংস, খুলনা টাইটান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

৫. তামিম ইকবাল: তালিকার পাঁচ নম্বর স্থানে থাকা তামিম ইকবালের পরিসংখ্যানটি সবচেয়ে নমনীয়। ৩৪ ম্যাচে নেতৃত্ব দেওয়া এই অধিনায়কের পরাজয়ের পাল্লাটাই ভারী। ২০টি পরাজয়, যেখানে জয় মাত্র ১৪টি। ড্যাশিং ওপেনার নেতৃত্ব দিয়েছেন চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহীকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »