দুর্জয় দাশ গুপ্ত »
পাকিস্তান সফরে মোট ২ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)! তিন ভাগে ভাগ হয়ে পাকিস্তানে সফর করবে বাংলাদেশ আর এ কারণেই এত টাকা ক্ষতি হতে যাচ্ছে বিসিবির।
চার মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে টিম টাইগার্স। আর এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকেই।
দ্বি-পাক্ষীক সফরের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বিমান ভ্রমনের খরচ বহন করে সফরকারী দলগুলো। এর বাইরে বাকি সব ধরনের খরচ থাকে স্বাগতিক দলের ক্রিকেট বোর্ডের। আর সেই নিয়ম অনুযায়ী পাকিস্তান সফরেও বিমান খরচ দিতে হবে বিসিবিকে।
পাকিস্তানে যাওয়ার জন্য প্রতিবার বিমান খরচ পড়বে প্রায় এক কোটি টাকার চেয়েও বেশি। আর বাংলাদেশ দল মোট তিনবার পাকিস্তান সফরে যাবে। আর এজন্য অতিরিক্ত বাকি দুইবারে দুই কোটি টাকা খরচ হতে যাচ্ছে বোর্ডের। আর সেটা অবশ্যই বিসিবির লোকসান৷
এ নিয়ে বিসিবির এক কর্মকর্তা দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা যদি একবার পাকিস্তানে যাই তাহলে অবশ্যই তিনবারের তুলনায় অনেক কম টাকা খরচ হবে। আমি ঠিক জানি না কী উদ্দেশ্যে তিনবার সফরের চুক্তি হয়েছে তাদের সাথে। আর এই চুক্তির পেছনে হয়তো অন্য কোনো চুক্তি আছে।’
একটা ব্যাপার পরিষ্কার যে নিজেদের লোকসানের কথা না ভেবে উল্টো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতির কথা ভাবছে বিসিবি। মূলত এ কারণেই দুই টেস্টের মাঝে একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলতেও রাজি বাংলাদেশ।
এ ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘পাকিস্তান সফরে বেশ ক্ষতি হচ্ছে। টি-টোয়েন্টি হলে তাদের হয়তো কিছুটা পোষাবে। আর এদিকে আমাদের মনে হয়েছে টি-টোয়েন্টির চেয়ে একটা ওয়ানডে ম্যাচ হলে অনুশীলনটাও একটু ভালো হবে।’
দিন কয়েক আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিলো বিসিবি। আগে যেখানে একবারও পাকিস্তান যেতে চায়নি বাংলাদেশ, সেখানে এখন চার মাসের মধ্যে তিনবার যাচ্ছে দল। এ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে বেশ আলোচনা- সমালোচনা।
তবে বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপন বলেছেন, এখানে সমালোচনার কিছুই দেখছেন না । তাঁর কাছে এ নিয়ে সমালোচনা করাটা বেশ অদ্ভুত লাগছে।
সূত্রঃ ক্রিকফ্রেঞ্জি.কম
