চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ »
বঙ্গবন্ধু বিপিএল এর পর্দা নামছে ১৭ই জানুয়ারী। ফাইনাল বাদে বাকি মাত্র এক ম্যাচ। মিরপুরে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ ফাইনালে উঠার লড়াইয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রাজশাহী রয়েলস।
মাঠের লড়াইয়ে নামার আগে মানসিকভাবে পিছিয়ে আছে রাজশাহী। এদিকে জয়ের ধারা বজায় রাখা চট্টগ্রাম কিছুটা হলেও চাঙ্গা থাকবে এই ম্যাচে। প্রথম এ্যালিমিনেটর ম্যাচে ঢাকা প্লাটুনকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় তারা। অপরদিকে প্রথম কোয়ালিফায়ারে খুলনার বিপক্ষে হেরে ফাইনালে যাওয়ার সুবর্ণ সুযোগ হাতছানি করে রাজশাহী।
রাজশাহীর ম্যানেজার হান্নান সরকারও স্বীকার করেছেন সেই কথা। তিনি জানান, ‘খুলনার বিপক্ষে বাজেভাবে হারা ম্যাচটি অবশ্যই প্লেয়ারদের মানসিকভাবে চাপে ফেলেছে। তবে ছোট সংস্করনের এই খেলায় মোমেন্টাম ধরে রাখতে পারলেই হয়। সোজাসুজি বলতে গেলে, ওরা (চট্টগ্রাম) আমাদের চেয়ে এগিয়ে আছে। তবে আমরা ভালো খেলেই এ পর্যন্ত এসেছি।’
এদিকে রাজশাহী শিবিরে আরেক দুশ্চিন্তার নাম চট্টগ্রামের ওপেনার ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই দানব একাই যেকোনো ম্যাচ নিজেদের দখলে নিতে পারেন তা সবারই জানা। ‘দ্যা ইউনিভার্স বস’ এর ব্যাটের ছোয়ায় মুহুর্তেই লন্ডভন্ড হয়ে যেতে পারে প্রতিপক্ষের আস্তানা।
এ প্রসঙ্গে হান্নার সরকারের ভাষ্য, ‘আসলে গেইলের বিপক্ষে প্রত্যেক প্রতিপক্ষই আলাদা পরিক্লপনা সাজায়। গেইল যেহেতু একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, সেই জায়গা থেকে আমরাও তার ব্যতিক্রম নই।’
তিনি আরো যোগ করেন, ‘পরিকল্পনা আসলে সবার থাকে, মাঠে কতটা প্রয়োগ করতে পারে সেটাই গুরুত্বপূর্ণ। সব বিভাগে ভালো ক্রিকেট খেলাটাই আমাদের ফোকাস। আর তা হলে আমরা ভালো ফল পেতে পারি।’
