ওয়ার্নার অপ্রতিরোধ্যঃ ফিঞ্চ

দুর্জয় দাশ গুপ্ত »

স্বাগতিক ভারত ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে গতকাল। সিরিজের প্রথম ওয়ানডেতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অজিরা। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি৷

গতকাল ভারতকে হেসেখেলে বিশাল ব্যবধানে হারাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ওয়ার্নারে ব্যাট। ওয়ার্নার খেলেছেন দৃষ্টিনন্দন ১২৮ রানের এক অপরাজিত ইনিংস। তার সঙ্গী অজি অধিনায়ক ফিঞ্চও করেছেন অপরাজিত ১১০ রান। আর এজন্যই ম্যাচ শেষে সতীর্থ ওয়ার্নারকে প্রশংসায় ভাসিয়েছেন অজি অধিনায়ক ফিঞ্চ। তার মতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ওয়ার্নারের ব্যাট।

ফিঞ্চ বলেন, ‘ওয়ার্নার একজন দুর্দান্ত প্লেয়ার। বিশেষ করে এক দিনের ক্রিকেটে একদমই। বেশ কিছুদিন ধরেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ওয়ার্নারের ব্যাট। একবার যদি সে মাঠে ঢুকে যায় তবে তার কাছে রান করার প্রচুর বিকল্প থাকে না। তার সাথে ব্যাট করা সবসময়ই দারুণ ব্যাপার।’

ভারতের দেওয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের চড়াও হয়ে খেলতে শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার এবং ফিঞ্চ। ইনিংসের মাঝের দিকে অস্ট্রেলিয়ার রানের চাকা কিছুটা ধীর গতিতে থাকলেও অজি দুই ওপেনারকে বেশিক্ষণ খোলসে বন্দি করে রাখতে ব্যর্থ হয়েছে ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়া মাত্র ৩৭.৪ ওভার খেলেই লক্ষ্যমাত্রা স্পর্শ করে।

নিজেদের পারফরম্যান্স নিয়ে অজি অধিনায়ক ফিঞ্চ বলেন ‘আমার মনে হয় যেভাবে মাঝের ওভার চলাকালীন সময়ে আমরা লড়াই করে আবার ফিরে এসেছি সেটা যথেষ্ট প্রভাবশালী ছিল। ভারতের শিখর আর রাহুল সত্যিই ভালো ব্যাটিং করছিল। যেভাবে আমরা পাল্টা লড়াই করেছি তাতে আমি গর্বিত। তবে ফিল্ডিংয়ের ক্ষেত্রে মাঠে আমরা কিছুটা উন্নতি করতে পারি অবশ্যই। তবে যখন মাঠ কিছুটা স্যাঁতস্যাঁতে থাকে তখন কখনো কখনো এমনটা হয়ে থাকেই। সবমিলিয়ে আমাদের ভালো পারফরম্যান্স ছিলো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »