শোয়েব আক্তার »
২০১৯ সালটা স্বপ্নের মতো কেটেছিল সাকিব আল হাসানের। বিশেষ করে বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স অবাক চোখে দেখেছিল ক্রিকেট বিশ্ব। শুধু তাই নয়, গত দশকে ও দূর্দান্ত পারফর্ম করে এই দশকের সেরা অলরাউন্ডার যে তিনি তা বলা বাহুল্য। ফল স্বরূপ বিশ্বের বিভিন্ন খ্যাত নামা ওয়েবসাইট, ম্যাগাজিন ও পত্রিকায় দশক সেরা ওডিআই একাদশে ছিলেন তিনি।
এবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো’র ২০১৯ সালের সেরা ১০টি ব্যাটিং পারফরম্যান্স মূল্যায়ন করেছে। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের ১২৪ রানের অপরাজিত ইনিংসটি ও তালিকায় ঠাঁই করে নিয়েছে।
টনটনে হওয়া ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট বাংলাদেশ সাকিবের ব্যাটিং দৃঢ়তায় ৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় লাভ করে। চতুর্থ উইকেট জুটিতে সাকিবের সঙ্গে ১৮৯ রানের জুটি গড়েন লিটন কুমার দাস। ১৬ টি চারের সাহায্যে ৯৯ বলে ১২৪ রান করেন তিনি।
সাকিবের ইনিংসের পারফরম্যান্স নিয়ে ক্রিকইনফো’র মন্তব্য, “তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেন। যেখানে বাংলাদেশ রান তাড়া করতে নেমে সবচেয়ে বড় জয় পায়। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তাঁর পাঁজর লক্ষ্য করে বল করছিল, তবে টনটনের ছোট মাঠে সেই সুবিধা ভালোই কাজে লাগিয়েছেন সাকিব।”
সাকিবের ইনিংসটি ছাড়াও ভারতের বিপক্ষে নাথান কুলটার নাইলের ৯২, অস্ট্রেলিয়ার বিপক্ষে শিখর ধাওয়ানের ১১৭, পাকিস্তানের বিপক্ষে রোহিত শর্মার ১৪০, ভারতের বিপক্ষে শিমরন হেটমায়ারের ১৩৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেন উইলিয়ামসনের ১০৬, নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর আজমের ১০১*, ভারতের বিপক্ষে জনি বায়ারস্ট্রো’র ১১১, নিউজিল্যান্ডের বিপক্ষে কার্লোস ব্রাইটহোয়াইটের ১০১ ও বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বেন স্টোকসের ৮৪ রানের ইনিংসটি ছিল।
তালিকায় থাকা দশটি ইনিংসের মধ্যে শুধু শিমরন হেটমায়ারের ইনিংসটি ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের চেন্নাইয়ে অনুষ্ঠিত প্রথম ম্যাচে খেলা ইনিংস। বাকি নয়টি ইনিংস-ই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে খেলা ইনিংস।
