শোয়েব আক্তার »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেটের এবারের আসরের নাম হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট। শনিবার (১১ জানুয়ারি) বিসিবির মিডিয়া লাউঞ্জে টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন আয়োজকরা। টুর্ণামেন্টে পৃষ্ঠপোষক হিসেবে আছে প্রাইম ব্যাংক লিমিটেড।
আগামী ২০ জানুয়ারি দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব “জাতীয় স্কুল ক্রিকেট ২০১৯-২০”। সারা দেশের ৫৫৬ স্কুলের প্রায় ১১ হাজার ক্রিকেটার প্রতিযোগীতায় অংশ নেবে।
স্কুল ক্রিকেটের লগো উন্মোচন অনুষ্ঠানে বিসিবির গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন জানান, “টুর্ণামেন্টের হারানো জৌলুস ফিরে আসছে। স্কুল ক্রিকেট তার হারানো ঐতিহ্য ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেছে। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের চারজন স্কুল ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। বয়সভিত্তিক সব দলেই স্কুল ক্রিকেট খেলা খেলোয়াড়ের সংখ্যা প্রচুর।”
টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ বলেন, নিয়মিত আয়োজিত হওয়া টুর্ণামেন্টের এবারের আসরে থাকছে নতুনত্ব। যেহেতু বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এই বছরেই, তাই এবার স্কুল ক্রিকেট হবে বঙ্গবন্ধুর নামে।

দেশের ৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগের চ্যাম্পিয়ন দল আর ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। সর্বমোট ৭০ টি ভেন্যুতে টুর্নামেন্টের ৯৬০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
