দুর্জয় দাশ গুপ্ত »
মিরপুরের স্লো উইকেটে ১৮৩ রানের লক্ষ্যমাত্রা পাহাড় সমান। বঙ্গবন্ধু বিপিএলের ৩য় পর্ব শুরু হয়েছে আজ। দিনের প্রথম ম্যাচ ছিলো লো-স্কোরিং। কিন্তু ২য় ম্যাচে এই উইকেটেই পাহাড় সমান লক্ষ্যমাত্রা রংপুরকে ছুঁড়ে দিয়েছিলো মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক ওয়াটসনের উইকেট হারায় খুলনা। ১০ বলে ১ চারে মাত্র ৫ রান আসে এই অজি অলরাউন্ডারের ব্যাট থেকে।
ওয়াটসন আউট হলে মারমুখী ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন তরুণ ওপেনার নাঈম শেখ। কিন্তু দ্রুত রান তুলতে গিয়ে তাকেও প্যাভিলিয়নের পথ ধরতে হয়। ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন নাঈম। নাঈমের বিদায়ের পরেই ম্যাচ থেকে ছিটকে যায় রংপুর। শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার খেলা। তবে ব্যতিক্রম ছিলেন কেবল লুইস গ্রেগোরি৷ একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা এই অলরাউন্ডার কেবল হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান এসেছে তার ব্যাট থেকেই।
এত লম্বা ব্যাটিং অর্ডার নিয়েও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছে রংপুর। ফজলে মাহমুদ, মোহাম্মদ নবী, সাদমান আর জহুরুল এই চারজন মিলে ৪০ বলে রান করেছেন মাত্র ২৮। মিডল অর্ডারের এমন ব্যর্থতাই বলে দেয় রংপুর ঠিক কতটা পিছিয়ে।
ব্যাটসম্যান তকমায় খেলতে নামা ক্রিকেটাররা যেখানে ব্যর্থ হয়েছেন সেখানেই ১১ নম্বরে ব্যাট করতে নেমে বিশাল দুই ছক্কা হাঁকিয়েছেন মুস্তাফিজুর। আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে ব্যাটিং করতে হয়।
শেষ পর্যন্ত মুস্তাফিজের দৃঢ়তায় ১২৫ রানের কৌটা পাড়ি দেয় রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জার্স। ২ ছক্কা ১ চারে ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান। খুলনার পেসার শহিদুল নেন ৪ উইকেট।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় খুলনা। মুগ্ধের করা প্রথম ওভারেই আসে ১৮ রান। তবে এর পরেই আসে দৃশ্যপটে পরিবর্তন। মুস্তাফিজুর নিজের প্রথমে জোড়া আঘাত হানেন খুলনা শিবিরে। ওপেনার মেহেদী মিরাজ এবং ইনফর্ম রুশোকে পরপর দুই বলে ফিরিয়ে দেন ফিজ। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা। চার নম্বরে ব্যাট করে নামা আগের ম্যাচের ফিফটি হাঁকানো শুভও আজ সুবিধা করতে পারেন নি। গ্রেগরির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন শুভ।
দ্রুত ৩ উইকেট হারালেও শান্ত, মুশফিক আর নাজিবউল্লাহের দৃঢ়তায় ১৮২ রানের বড় পুঁজি পায় খুলনা টাইগার্স৷ দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মুশফিকুর রহীম।
স্কোরকার্ডঃ
রংপুর রেঞ্জার্সঃ ১৩০/৯ (২০) গ্রেগোরি ৩৪, নাঈম ২১, মুস্তাফিজ ২১* ; শহিদুল ৪/২২।
খুলনা টাইগার্সঃ ১৮২/ ৭ (২০) মুশফিক ৫৯, নাজিবউল্লাহ ৪১, শান্ত ৩০ ; মুস্তাফিজ ৩/২৮।
